শনিবার ইরানে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজ়রায়েল। তার জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহুতল। ছবি: রয়টার্স।
ইজ়রায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক করল নয়াদিল্লি। চোখ-কান খোলা রাখার পরামর্শও দিল। আমেরিকার মদতে ইরানে শনিবার সকাল থেকে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, ইজ়রায়েলকে তারা ছেড়ে কথা বলবে না। তার পরেই ইজ়রায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি। প্রসঙ্গত, শুক্রবারই নিজের দেশের দূতাবাসের কর্মীদের ইজ়রায়েল ছাড়তে বলেছিল আমেরিকা।
ভারত নির্দেশ দিয়ে বলেছে, ‘ওই অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে ইজ়রায়েলে বসবাসকারী সকল ভারতীয়কে সতর্ক এবং সজাগ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’ এক্স অ্যাকাউন্টে পোস্ট করে আরও জানানো হয়েছে, ইজ়রায়েল সরকার যে নির্দেশ দেবে, তা মানতে হবে। নিরাপত্তা সংক্রান্ত পরামর্শও মেনে চলতে হবে। ইজ়রায়েলে বসবাসকারী ভারতীয়দের আশ্রয়শিবিরের কাছে থাকতেও বলা হয়েছে। কাজের জায়গা বা বাড়ির কাছে কোথায় সুরক্ষিত শিবির রয়েছে, তা-ও নজরে রাখতে বলা হয়েছে।
বিদেশ মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত ইজ়রায়েলের ভিতরে অযথা ঘুরেবেড়ানো যাবে না। স্থানীয় সংবাদ, সরকারি ঘোষণা, জরুরি অ্যালার্টও খেয়াল রাখতে হবে।’ ইজ়রায়েলের উদ্দিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। প্রয়োজন মতো নির্দেশিকা জারি করা হবে।
ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী হোম ফ্রন্ট কমান্ড ইতিমধ্যে সে দেশে বসবাসকারী মানুষজনকে সতর্ক করেছে। কাছের আশ্রয়শিবিরের খোঁজ রাখতে বলেছে।
শনিবার ইরানের রাজধানী তেহরানে পর পর বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর বহু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে। হামলার পরই ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটজ় দাবি করেছেন, হামলার আশঙ্কা করা হচ্ছিল তাঁদের দেশে। তাই আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ইজ়রায়েলের রাজধানী তেল আভিভেও। পরে বিবৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলা চালাচ্ছে আমেরিকার বাহিনী।