FIR against Srinagar MP

খামেনেই হত্যায় প্রতিবাদ নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগ, শ্রীনগরের সাংসদ রুহুল্লার বিরুদ্ধে এফআইআর

পুলিশের তরফে দাবি করা হয়েছে, সমাজমাধ্যমে এই ধরনের তথ্য প্রচার করে যে ভুল বার্তা ছড়ানো হচ্ছে, তাতে শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৪:১১
শ্রীনগরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লা মোহদী। ছবি: সংগৃহীত।

শ্রীনগরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লা মোহদী। ছবি: সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যার ঘটনায় বিক্ষোভ, প্রতিবাদ চলছে জম্মু-কাশ্মীরে। গত দু’দিন উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নামেন সেখানকার বহু মানুষ। সেই প্রতিবাদের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠল শ্রীনগরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লা মেহদীর বিরুদ্ধে। সমাজমাধ্যমে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল জম্মু-কাশ্মীর পুলিশ।

Advertisement

ইরানের উপর আমেরিকা এবং ইজ়রায়েলের হামলা নিয়ে কেন্দ্রের জবাবের সমালোচনা করেন সাংসদ রুহুল্লা। তার পরই কাশ্মীরে প্রতিবাদের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে অভিযোগ তোলেন, মহিলা প্রতিবাদীদের উপর পুলিশ হামলা চালিয়েছে সোমবার। তার কয়েক ঘণ্টার মধ্যেই সাংসদের বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগ তুলে এফআইআর দায়ের করল পুলিশ। এফআইআরের পাল্টা জবাব দেওয়া হয় সাংসদের কার্যালয়ের তরফে। শুধু সাংসদ রুহুল্লাই নন, শ্রীনগরের প্রাক্তন মেয়র জুনেইদ আজ়িম মাট্টোর বিরুদ্ধেও এই অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ।

পুলিশের তরফে দাবি করা হয়েছে, সমাজমাধ্যমে এই ধরনের তথ্য প্রচার করে যে ভুল বার্তা ছড়ানো হচ্ছে, তাতে শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। তাই এই ধরনের প্রচারকে কোনও ভাবেই ছাড় দেওয়া হবে না। আইনি পদক্ষেপ করা হবে। রুহুল্লা অবশ্য জানিয়েছেন, এ ভাবে তাঁর মুখ বন্ধ করানো যাবে না। সত্যের হয়ে লড়াই করার জন্যই শ্রীনগরের মানুষ তাঁকে নির্বাচিত করেছেন।

খামেনেইয়ের মৃত্যুর পর থেকে জম্মু-কাশ্মীরের জায়গায় জায়গায় বিক্ষোভ-প্রতিবাদে নামেন মানুষ। ফলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়।

Advertisement
আরও পড়ুন