Land-for-Job Case

‘আমরা নির্দোষ’! জমির বিনিময়ে চাকরি মামলায় আদালতে দাবি লালু-রাবড়ীর, বললেন, ‘বিচারের মুখোমুখি হতে প্রস্তুত’

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রে ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন লালু। অভিযোগ, সেই সময় চাকরি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সিবিআই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৯
Lalu Yadav, Rabri Devi pleads not guilty in land-for-job case

(বাঁ দিকে) রাবড়ী দেবী এবং লালু প্রসাদ যাদব (ডান দিকে)। — ফাইল চিত্র।

জমির বিনিময়ে রেলে চাকরির মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। শুধু একা লালু নন, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবীও একই মামলায় আদালতে জানিয়েছেন তিনিও নির্দোষ! দম্পতি এ-ও জানান, তাঁরা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। সোমবারই এই মামলায় তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জগঠন হল।

Advertisement

সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিয়েছিলেন লালু এবং রাবড়ী। জমির বিনিময়ে রেলে চাকরির মামলায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সেই সব অভিযোগ নিয়ে বিচারক লালুদের প্রশ্ন করলে তাঁরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

লালু, রাবড়ী ছাড়াও এই মামলায় তাঁদের দুই পুত্র তেজস্বী, তেজপ্রতাপ এবং কন্যা মিসা ভারতী-সহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জগঠন হয়। সেই ভিত্তিতে তাঁদের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক। ১ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে হাজিরার অনুমতি দেওয়া হয়েছিল। সেই মতো সোমবার লালু এবং রাবড়ী আদালতে গিয়েছিলেন। আদালত আগেই জানিয়েছিল, আগামী ৯ মার্চ থেকে এই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হবে।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রে ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন লালু। অভিযোগ, সেই সময় চাকরি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। পরে ইডি এফআইআর দায়ের করে এই মামলার তদন্ত শুরু করে।

সিবিআই আগেই এই মামলায় বেশ কয়েকটি চার্জশিট জমা করেছে। সেই সব চার্জশিটে দাবি করা হয়, কী ভাবে রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জমির দাবি করা হয়েছিল। শুধু তা-ই নয়, দুর্নীতির শিকড় কী ভাবে গজিয়েছিল, কী ভাবে তার বিস্তার হয়েছিল— তা-ও চার্জশিটে উল্লেখ করে সিবিআই। এই মামলার মোট ৯৮ জন জীবিত অভিযুক্তের মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেয় দিল্লির বিশেষ সিবিআই আদালত।

Advertisement
আরও পড়ুন