India-Bangladesh Relation

তারেকের শপথগ্রহণে ভারতের প্রতিনিধি স্পিকার ওম বিড়লা! বাংলাদেশকে সামনে রেখে বার্তা আসলে দেশের বিরোধীপক্ষকে

রবিবার বিকেলে বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার বাংলাদেশে বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের শপথগ্রহণে ভারত সরকারের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন বিড়লা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২১
(বাঁ দিক থেকে) তারেক রহমান, নরেন্দ্র মোদী এবং ওম বিড়লা।

(বাঁ দিক থেকে) তারেক রহমান, নরেন্দ্র মোদী এবং ওম বিড়লা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিড়লার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী শিবিরের একাংশ। তাঁকেই বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে পাঠানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারও কারও মতে, পড়শি দেশে লোকসভার স্পিকারকে পাঠিয়ে আদতে দেশের বিরোধী দলগুলিকেই বার্তা দিতে চেয়েছে মোদী সরকার।

Advertisement

রবিবার বিকেলে বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণে ভারত সরকারের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন বিড়লা। বিবৃতিতে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব এহং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দুই দেশের দায়বদ্ধতার কথা বলা হয়েছে।

তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন কি না, তা নিয়ে দুই দেশেই কৌতূহল ছিল। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ সরকারি সূত্র উল্লেখ করে জানিয়েছিল, ভারত-সহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঢাকার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি নয়াদিল্লিও। তবে নয়াদিল্লির একটি সূত্র মারফত দাবি করা হয়, মঙ্গলবার মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত একটি বৈঠক রয়েছে। তাই মোদীর ঢাকা সফর নিয়ে প্রশ্ন ছিলই। শেষমেশ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল ভারতের প্রতিনিধি হিসাবে তারেকের শপথগ্রহণে থাকছেন লোকসভার স্পিকার বিড়লা।

রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় সে দেশের জাতীয় সংসদের নির্বাচিত সদস্যেরা শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাতে পারেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। বিএনপি-র তরফে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা বা দুপুর ১২টার দিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ সংসদের দক্ষিণ প্লাজ়ায় নতুন মন্ত্রিসভার সদস্যেরা শপথ নেবেন। আইন উপদেষ্টা জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাতে পারেন রাষ্ট্রপতি।

Advertisement
আরও পড়ুন