Meghalaya Honeymoon Murder

মেঘালয় হত্যাকাণ্ড: সোনমের পর এ বার জামিন হতে পারে তাঁর প্রেমিক রাজের! রাজা রঘুবংশী খুনে অভিযুক্ত তিনিও

প্রসঙ্গত, মঙ্গলবার জামিন পেয়েছেন রাজা রঘুবংশী খুনে অভিযুক্ত তাঁর স্ত্রী সোনম। তাঁর জামিনের পরই রাজার পরিবার অসন্তোষ প্রকাশ করেছে। তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১২:৫২
(বাঁ দিকে থেকে) রাজা রঘুবংশী, তাঁর স্ত্রী সোনম এবং সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা। ফাইল চিত্র।

(বাঁ দিকে থেকে) রাজা রঘুবংশী, তাঁর স্ত্রী সোনম এবং সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা। ফাইল চিত্র।

মধ্যপ্রদেশের ইনদওরের যুবক রাজা রঘুবংশী হত্যাকাণ্ড মামলায় মঙ্গলবার জামিন হয়েছিল তাঁর স্ত্রী তথা অভিযুক্ত সোনম রঘুবংশীর। এ বার এই হত্যা মামলায় আরও এক অভিযুক্ত তথা সোনমের প্রেমিক রাজ কুশওয়াহারও জামিন হতে চলেছে বলে সূত্রের খবর। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই তাঁর জামিন হয়ে যাবে।

Advertisement

প্রসঙ্গত, সোনমের জামিনের পরই রাজার পরিবার অসন্তোষ প্রকাশ করেছিল। তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যেরা। কেন সোনমকে জামিন দেওয়া হল, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজার মা, বাবা এবং ভাই। তাঁরা বার বারই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। সোনমের জামিনের ক্ষেত্রে আদালতের যুক্তি, মেঘালয় পুলিশের ‘প্রক্রিয়াগত ত্রুটি’র কারণেই জামিন দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সোনমকে গ্রেফতার করার সময় পুলিশ যে গ্রেফতারি মেমো দিয়েছিল তাতে একটি ধারা নিয়েই যত গন্ডগোল। লেখা হয়েছিল ৪০৩ (১) ধারার কথা। উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতায় (বিএনএস) ওই ধারার কোনও অস্তিত্বই নেই! আর এটিকেই ‘প্রক্রিয়াগত ত্রুটি’ বলে উল্লেখ করেছে মেঘালয়ের আদালত। তবে চারটি শর্তে সোনমকে জামিন দিয়েছে আদালত।

সোনমের জামিনের খবরে আতঙ্কিত রাজার পরিবার। রাজার মা উমা রঘুবংশীর দাবি, ‘‘সোনমের জামিন হয়েছে। আগামী দিনে বাকি অভিযুক্তদেরও জামিন হয়ে যাবে। সকল অভিযুক্তের জামিন হলে, আমাদের প্রাণসংশয় হতে পারে।’’ সেই আশঙ্কা প্রকাশের পর পরই বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়, বৃহস্পতিবার সোনমের প্রেমিক রাজেরও জামিন হতে পারে।

বোনের জামিন হলেও তাঁকে ঘরে ফেরাতে নারাজ সোনমের দাদা গোবিন্দ। তিনি বলেন, ‘‘শুনেছি সোনম জামিন পেয়েছে। সোনমের জন্য কোনও আইনজীবী দিইনি আমরা। সরকারি আইনজীবীই যা করার করছেন। জানি না ওকে কখন ছাড়া হবে। কোথায় যাবে অথবা শিলঙেই থেকে যাবে কি না, কিছুই জানি না।’’ প্রসঙ্গত, গত বছরের মে মাসে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হন মধ্যপ্রদেশের ইনদওরের যুবক রাজা। তাঁকে খুনের অভিযোগ ওঠে স্ত্রী সোনম, তাঁর প্রেমিক রাজ-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন