ধৃত বিরাজ। ছবি: সংগৃহীত।
তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যুবক। তিনি রাজি হননি। অভিযোগ, তাঁর এক বছরের সন্তানকে আছড়ে খুন করেন জিতেন্দ্র পাঠক ওরফে বিরাজ নামে ওই যুবক। পুলিশ ধরতে গেলে গুলি চালান তিনি। পাল্টা গুলি চালায় পুলিশও। উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। তাতে পায়ে গুলি লাগে জিতেন্দ্রের। তাঁকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, রতি নামে ওই তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন বিরাজ। রতি রাজি হননি। তিনি জানিয়েছিলেন, এক বছরের আরভকে ছেড়ে তিনি বিরাজকে বিয়ে করতে পারবেন না। রতি পুলিশকে জানিয়েছেন, শনিবার আরভকে চকোলেট কিনে দেওয়ার নাম করে নিয়ে যান বিরাজ। তার পরে তাকে মাটিতে আছড়ে ফেলেন। বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যায় শিশুটির পরিবার। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তত ক্ষণে বিরাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন রতি। পুলিশ বিরাজের খোঁজ শুরু করে। বিশেষ সূত্রে জানতে পারে, মৈনপুরী রোডের কাছে রয়েছেন তিনি। সেই এলাকা ঘিরে ধরে তল্লাশি শুরু করে পুলিশ। ঝোপের আড়াল থেকে পুলিশকে লক্ষ্য করে বিরাজ গুলি ছোড়েন বলে অভিযোগ। পাল্টা গুলি ছোড়ে পুলিশও। তাতে পায়ে গুলি লাগে বিরাজের। তাঁকে গ্রেফতার করে পুলিশ। ফিরোজ়াবাদের পুলিশ সুপার রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বিরাজের বিরুদ্ধে শীঘ্রই পেশ করা হবে চার্জশিট। আদালতে তাঁর কড়া শাস্তি দাবি করা হবে।