Modi slams Dmk and Congress

প্রধানমন্ত্রীর তোপে কংগ্রেস-ডিএমকে

চলতি মাসে চার রাজ্য ছাড়াও একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পুদুচেরিতে ভোট ঘোষণা হতে চলেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৯:১১
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

কংগ্রেস-ডিএমকের মতো দলগুলি পুদুচেরির উন্নয়নে অন্যতম বাধা বলে আজ আক্রমণ শানালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চলতি মাসে চার রাজ্য ছাড়াও একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পুদুচেরিতে ভোট ঘোষণা হতে চলেছে। তার আগে আজ ওই রাজ্যে প্রায় ২,৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন মোদী। তিনি বলেন, ‘‘এর আগে যখন কংগ্রেস-ডিএমকে সরকার ছিল তখন আমজনতাকে দুর্নীতি, সরকারের স্থায়িত্বের অভাব, অনুন্নয়নের মতো কারণে ভুগতে হয়েছে। ওই দলগুলির কারণে পুদুচেরির উন্নয়ন কার্যত থমকে গিয়েছিল।’’ মোদীর দাবি, গত সাড়ে বছরে তাঁদের জোট সরকার সেই ছবি পরিবর্তনে অনেকটাই সক্ষম হয়েছে।

আজ পুদুচেরির সভা থেকে স্বভাবসিদ্ধ ভাবেই গান্ধী পরিবারকে আক্রমণ শানিয়েছেন মোদী। তিনি বলেন, ‘‘কংগ্রেস দিল্লিতে থাকা একটি পরিবারের কথা ভেবে পুদুচেরিকে নিজেদের এটিএম মেশিনে পরিণত করেছিল। পুদুচেরির উন্নয়ন নিয়ে ওই পরিবারের কোনও মাথাব্যথা ছিল না।’’ কংগ্রেসের শরিক দল ডিএমকে নিয়ে তিনি বলেন, ‘‘ডিএমকে মানেই দুর্নীতি। কেবল পুদুচেরিতেই নয়, তামিলনাড়ুতেও ডিএমকের দুর্নীতির লম্বা তালিকা রয়েছে। কংগ্রেস ও ডিএমকের আঁতাঁত পুদুচেরির উন্নয়নে বরাবরই বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে।’’ তাই এদের রোখার প্রশ্নে জনতা এগিয়ে আসার জন্য আহ্বান করেন মোদী।

সন্ধ্যায় ভোটমুখী তামিলনাড়ুর মাদুরাইয়ে ফের শাসক দল ডিএমকের দুর্নীতির প্রশ্নে সরব হন মোদী। তিনি বলেন, ‘‘এই সরকারের আমলে ৯০০ কোটি টাকার চাকরি দুর্নীতি, ৩০০ কোটি টাকার কর্মীদের বদলি দুর্নীতি, ৪৭০০ কোটি টাকার বালি দুর্নীতি হয়েছে। সাধারণত কোনও রাজ্যে মন্ত্রীরা কে কত ভাল কাজ করবেন তার প্রতিযোগিতা চলে। আর তামিলনাড়ুতে কোন মন্ত্রী কত দুর্নীতি করতে পারেন তা নিয়ে লড়াই চলে।’’

আজ মাদুরাই তথা রাজ্যের জন্য মোট ৪,৪০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন মোদী। পাশাপাশি ডিএমকে শাসনে মাদুরাই যে কার্যত অবহেলার শিকার সেই দাবি করে মোদী লেন, ‘‘মাদুরাই হল এম জি রামচন্দ্রনের শহর। সেই কারণে ডিএমকে বরাবরই অপছন্দ করে এসেছে।’’
এবারের ভোটে এডিএমকের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়ছে বিজেপি। তাই আজকের প্রচারের মঞ্চ থেকে জয়ললিতার প্রশংসায় সরব হন মোদী। তিনি বলেন, ‘‘জয়ললিতার শাসনে রাজ্যের মানুষ খুশিতে ছিলেন। রাজ্যের মহিলা, যুব সমাজ তাই চান ফের জয়ললিতার ধাঁচের শাসন ফিরে আসুক। যদিও শাসক শিবিরের নেতারা ভাবছেন ফের ডিএমকে ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু রাজ্যের মানুষ মন স্থির করে ফেলেছে এনডিএকে ক্ষমতায় আনার প্রশ্নে। একমাত্র এনডিএর হাতেই রাজ্যের উন্নয়ন হওয়া সম্ভব।’’

আরও পড়ুন