(বাঁ দিকে) এস জয়শঙ্কর এবং পীযূষ গয়াল (ডান দিকে)। — ফাইল চিত্র।
অশান্ত পশ্চিম এশিয়া ও আন্তর্জাতিক তেল সরবরাহের প্রশ্নে অভূতপূর্ব সঙ্কট সময়ে উপসাগরীয় রাষ্ট্রগুলির সঙ্গে দৌত্যে সক্রিয় নয়াদিল্লি। আজ সন্ধ্যায় আবু ধাবি পৌঁছেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর এই একই দিনে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মজিদ বিন আবদুল্লা আল কাসাবি-র সঙ্গে ভিডিয়ো মাধ্যমে তেল সঙ্কট নিয়ে কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।
আজকের আলোচনায় গয়াল গোটা অঞ্চলের স্থায়ী শান্তির লক্ষ্যে সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, সংঘাত এবং অনিশ্চয়তার মধ্যেও সৌদি যে ভাবে সব সামলেছে ও তাদের সরবরাহ ব্যবস্থাকে চাঙ্গা রেখেছে, সেটা তাদের অদম্য মানসিকতারই প্রতিফলন। হামলার নিন্দা করে তিনি সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সে দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার জন্য। ক্ষয়ক্ষতি মেরামতের জন্য বাণিজ্য সমন্বয় দ্রুত মসৃণ করা নিয়ে তাঁরা একমত হয়েছেন। উপসাগরীয় এলাকায় রফতানি বাড়াতে ভারত যে সব পদক্ষেপ করেছে, তা বিশদে সৌদি মন্ত্রীকে জানিয়েছেন গয়াল। ভারত এবং জিসিসি-ভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে দ্রুত মুক্ত বাণিজ্যচুক্তি করার ব্যাপারেও জোর দিয়েছেন দুই মন্ত্রী।
অন্য দিকে, আজ সন্ধ্যায় আবু ধাবি পৌঁছে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে আমরা সংযুক্ত আরব আমিরশাহি সফর শুরু করলাম। পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে তাঁদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য ভারত সরকার যে সব প্রয়াস করেছে, তা তাঁদের জানিয়েছি। এখানকার সরকারকেও ধন্যবাদ জানিয়েছি, যে ভাবে তাঁরা পাশে দাঁড়িয়েছেন সে জন্য।’ দু’দিনের সফরে জয়শঙ্কর দেখা করবেন আমিরশাহির নেতৃত্বের সঙ্গে। সামগ্রিক কৌশলগত অংশীদারি আরও গভীর করা নিয়ে আলোচনা হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কথায়, প্রধানমন্ত্রীর নির্দেশে আরবের সঙ্গে শক্তিক্ষেত্রে সমঝোতা জোরদার করা এবং বাধাহীন সরবরাহ নিশ্চিত করা নিয়ে কথা বলবেন বিদেশমন্ত্রী।