ভূমি দফতরের আধিকারিকের বাড়িতে উদ্ধার হওয়া টাকা। ছবি: সংগৃহীত।
ভূমি দফতরের এক আধিকারিকের ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পেল দুর্নীতিদমন শাখা (এসিবি)। ইতিমধ্যেই ওই আধিকারিকের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির মামলায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এসিবি। তেলঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা ওই আধিকারিকের নাম সুঙ্কারি নরহরি রাও। তিনি ভূমি দফতরের যুগ্ম অধিকর্তা।
জানা গিয়েছে, মঙ্গলবার ওই আধিকারিকের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযানে যায় এসিবি। তদন্তকারীদের সন্দেহ, ১০০ কোটি নয়, তারও বেশি সম্পত্তি রয়েছে রাওয়ের। সেই সম্পত্তির খোঁজ চালানো হচ্ছে বলে এসিবি সূত্রে খবর। রাওয়ের ন’টি ঠিকানায় তল্লাশি অভিযানে যায় এসিবি। এ ছাড়াও তাঁর কয়েক জন আত্মীয়দের বাড়িতেও তল্লাশি অভিযান চলে। তদন্তকারীরা জানিয়েছেন, ভূমি দফতরের ওই আধিকারিকের নামে এবং বেনামে বেশ কয়েকটি ফ্ল্যাট, কয়েক একর জমি, বাংলো, বিলাসবহুল বাংলোর হদিস মিলেছে। এখনও পর্যন্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে ১০০ কোটির খোঁজ মিলেছে।
এসিবি সূত্রে খবর, রঙ্গারেড্ডি জেলায় পাঁচটি জমি রয়েছে রাওয়ের। মহেশ্বরমে ১.২৪ একর কৃষিজমির হদিস মিলেছে। পুপ্পালাগুড়ায় ২৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, নরসিংহীতে ১৮৬০ বর্গফুটের দু’টি ফ্ল্যাট এবং রাজেন্দ্রনগরে আরও একটি ফ্ল্যাট রয়েছে রাওয়ের। গাছিবোওলিতে চার তলা বিলাসবহুল একটি বাড়ি রয়েছে। এ ছাড়াও ছত্রীনাকায় আরও একটি তিন তলা বাড়ির হদিস মিলেছে। তদন্তকারীরা জানিয়েছেন, দেড় কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। ব্যাঙ্কের লকারে পাওয়া গিয়েছে আড়াই কোটি টাকা। স্থায়ী আমানত রয়েছে ৫ কোটি টাকার। এ ছাড়াও সোনার গয়না রয়েছে প্রায় দেড় কেজি। রুপোর গয়না রয়েছে ৮ কেজি। রাওয়ের স্ত্রীর নামে ব্যাঙ্কে দু’টি লকার রয়েছে। সেই লকার এখনও খোলা হয়নি বলে সূত্রের খবর। এসিবি জানিয়েছে, কয়েক কোটি টাকার একটি গাড়িও উদ্ধার হয়েছে। অভিযুক্ত আধিকারিককে নিজেদের হেফাজতে নিয়েছে এসিবি।