নির্মলা সীতারমণ। —ফাইল চিত্র।
কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের কাজ এবং ১২৫ দিনের কাজ— গ্রামীণ কর্মসংস্থানের দুই প্রকল্পের জন্যই অর্থ বরাদ্দ করা হল। ১০০ দিনের কাজের প্রকল্প মনরেগার বদলে ভিবি-জিরামজি প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র। নতুন প্রকল্পে ১২৫ দিনের কাজ পাবেন উপভোক্তারা। সংসদে বিল পাশ হওয়ার পর এই সংক্রান্ত আইন তৈরি হলেও এখনও জিরামজি প্রকল্প কার্যকর হয়নি। রবিবার এই প্রকল্পের জন্য ৯৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এখনও চালু থাকা মনরেগার জন্য বরাদ্দ হয়েছে ৩০ হাজার কোটি টাকা।
ইউপিএ সরকারের আমলে, ২০০৫ সালে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫ (সংক্ষেপে মনরেগা) করা হয়েছিল। নতুন ‘বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড অজীবিকা মিশন গ্রামীণ’ (সংক্ষেপে ‘জিরামজি’) প্রকল্প থেকে গান্ধীর নাম সরিয়ে ফেলার প্রতিবাদে সরব হয় বিরোধী দলগুলি। তা ছাড়া নতুন আইনে ৪০ শতাংশ ব্যয়ভার বহন করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। তা নিয়েও আপত্তি জানিয়েছে বিরোধীরা।
বাজেটের নথি বলছে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের জন্য ১,৯৪,৩৬৮.৮১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। গত বারে এই মন্ত্রকের জন্য ১,৮৬,৯৯৫.৬১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। গত বাজেটে মনরেগা প্রকল্পের জন্য প্রাথমিক ভাবে ৮৬ হাজার কোটি টাকা মঞ্জুর হয়েছিল। যদিও ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য মোট খরচ হয়েছিল ৮৮ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যত দিন না জিরামজি প্রকল্প চালু হচ্ছে এবং চালু কাজগুলি শেষ হচ্ছে, তত দিন মনরেগা চলবে।