পাকিস্তানের ক্রিকেটারদের উল্লাস। ছবি: এক্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামলেও ভারতের বিরুদ্ধে তারা খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এই বয়কটের মাঝেই ছন্দে পাকিস্তানের ক্রিকেট দল। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ়ে অস্ট্রেলিয়াকে চুনকাম করল তারা। পর পর তিন ম্যাচ জিতে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিলেন সলমন আলি আঘারা।
রবিবার লাহৌরে তৃতীয় ম্যাচে সবচেয়ে বড় জয় পেল পাকিস্তান। অস্ট্রেলিয়াকে ১১১ রানে হারাল তারা। ছোট ফরম্যাটে এর আগে এক বড় ব্যবধানে হারেনি অস্ট্রেলিয়া। সাত বছর পর অস্ট্রেলিয়াকে শুধু একটি ম্যাচে নয়, গোটা সিরিজ়ে হারাল পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে পাকিস্তান। আরও এক ম্যাচে রান পেলেন ওপেনার সাইম আয়ুব। ৩৭ বলে ৫৬ রান করলেন তিনি। ফখর জ়মান ও সলমন আলি আঘা এই ম্যাচে রান পাননি। তবে ভাল খেললেন বাবর আজ়ম। তাঁর স্ট্রাইক রেটে এই ম্যাচে নজর কাড়ল। ভাল খেললেন শাদাব খানও। বাবর-শাদাব জুটি পাকিস্তানকে বড় রানে নিয়ে যায়।
শাদাব ১৯ বলে ৪৬ রান করেন। বাবর ৩৬ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। এই সিরিজ়ে অস্ট্রেলিয়া প্রতি ম্যাচে নিজেদের সেরা দল খেলাচ্ছে না। প্রতি ম্যাচে বদল করছে। বোঝা যাচ্ছে, তারা প্রস্তুতি হিসাবেই এই সিরিজ়কে দেখছে। জেতা-হারা ততটা গুরুত্বপূর্ণ নয়।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে ১ রানে আউট হন অধিনায়ক মিচেল মার্শ। ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টোইনিস ছাড়া বাকিরা ব্যর্থ। গ্রিন করেন ২২ রান। স্টোইনিস ২৩ রান। কিন্তু নিয়মিত উইকেট পড়তে থাকে। বিশেষ করে পাকিস্তানের বাঁহাতি স্পিনার মহম্মদ নওয়াজ়কে সামলাতে পারেননি অসি ব্যাটারেরা।
১৬.৫ ওভারে ৯৬ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন নওয়াজ়। শাহিন ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। ১ করে উইকেট আবরার আহমেদ ও নাসিম শাহের। ম্যাচের সেরা হয়েছেন নওয়াজ়। সিরিজ়ের সেরা অধিনায়ক সলমন।