India on US-Iran Tensions

অবস্থা খুবই উদ্বেগজনক! পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে চিন্তিত মোদী, আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চলছে কথাবার্তা

মার্কিন এবং ইজ়রায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ছে সামরিক উত্তেজনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৪:১৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

যুদ্ধ পরিস্থিতির মাঝে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কেন্দ্র। এর জন্য পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে যৌথ ভাবে কাজ চালিয়ে যাবে দিল্লি। সোমবার দেশবাসীর উদ্দেশে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক, তা-ও জানান প্রধানমন্ত্রী।

Advertisement

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বর্তমানে চার দিনের সফরে ভারতে রয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক হয় তাঁর। ওই বৈঠক শেষেই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন মোদী। তিনি বলেন, “পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তার জন্য পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। ভারত চায় আলোচনা এবং কূটনৈতিক পথে সকল সমস্যার সমাধান হোক।” প্রধানমন্ত্রী এ-ও জানান, সন্ত্রাসবাদ এবং কট্টরপন্থা শুধু ভারত এবং কানাডার কাছেই নয়, গোটা বিশ্বের কাছেই একটি বড় চ্যালেঞ্জ।

মার্কিন এবং ইজ়রায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ছে সামরিক উত্তেজনা। ওই অঞ্চলে বিমান পরিষেবা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন উড়ান সংস্থা। কিছু দেশে আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বহু ভারতীয় পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে পড়েছেন। বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার বিষয়ে রবিবারই একপ্রস্ত আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে।

সোমবার প্রধানমন্ত্রীর বার্তার পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীও জানান, পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে। বিদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্দেশে তিনি বলেন, “কারও দুশ্চিন্তার কারণ নেই। আমরা তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে সব পদক্ষেপ করছি।” রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ে যে ভাবে ভারতীয়দের ফেরানো হয়েছিল, সে কথাও উল্লেখ করেন তিনি।

দিল্লিতে কার্নের সঙ্গে বৈঠকের পরে মোদী জানান, প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে আগামী দিনে একসঙ্গে কাজ করবে দুই দেশ। পাশাপাশি কানাডার সঙ্গে একটি ইউরেনিয়াম চুক্তিও সেরেছে ভারত। বস্তুত, ইউরেনিয়াম হল পারমাণবিক শক্তির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মৌল। আগামী দিনে ছোট মাপের মডিউলার রিঅ্যাক্টর তৈরির ক্ষেত্রে ভারত এবং কানাডা একসঙ্গে কাজ করবে বলে জানান মোদী।

Advertisement
আরও পড়ুন