MHA on Iran US Israel Conflict

কেউ ইরানের সমর্থনে উস্কানিমূলক মন্তব্য করলে চিহ্নিত করুন, অশান্তি আঁচ করে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

গত শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওই দিনই অমিত শাহের মন্ত্রক রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়ে দিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:৪৪
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।

ইরানে আমেরিকা-ইজ়রায়েলের হামলার পর অশান্তি আঁচ করে রাজ্যে রাজ্যে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি করে চিঠি প্রতি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গিয়েছে। সেখানে বলা হয়েছে, ইরানের সমর্থনে কেউ যদি উস্কানিমূলক মন্তব্য করেন, তাঁদের চিহ্নিত করতে হবে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। যে কোনও প্রকারেই হোক, অশান্তির পরিস্থিতি এড়ানোর বার্তা দিয়েছে কেন্দ্র।

Advertisement

গত শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী। সংবাদসংস্থা এএনআই সরকারি আধিকারিকদের উল্লেখ করে জানিয়েছে, ওই দিনই অমিত শাহের মন্ত্রক রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়ে দিয়েছিল। তা এত দিনে সংবাদসংস্থার হাতে এসেছে। ইরানে আমেরিকা-ইজ়রায়েলের হামলার আবহে ভারতেও অশান্তি হতে পারে বলে মনে করে কেন্দ্র। চিঠিতে বলা হয়েছে, ইরানপন্থী উগ্র ধর্মপ্রচারকদের চিহ্নিত করতে হবে, যাঁরা উস্কানিমূলক বক্তৃতা করছেন। পরিস্থিতি যাতে হাতের বাইরে যেতে না পারে, তার জন্য রাজ্যগুলিকে সতর্ক থাকতে হবে। যে কোনও প্রকার ধর্মীয় হিংসাত্মক ঘটনার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, ইরানে আমেরিকা-ইজ়রায়েলের হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু নিয়ে এখনও সরকারি ভাবে ভারত কোনও বিবৃতি দেয়নি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি শান্তি প্রতিষ্ঠার আবেদন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। তবে খামেনেইয়ের মৃত্যুসংবাদ রবিবার প্রকাশ্যে আসার পরেই ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে অশান্তি হয়েছে। জম্মু ও কাশ্মীরের একাধিক অঞ্চলে মার্কিন-ইজ়রায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছিলেন মানুষ। বিক্ষোভ দেখানো হয়েছে উত্তরপ্রদেশের লখনউতেও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই সতর্ক দিল্লি।

খামেনেইয়ের মৃত্যু পরবর্তী অশান্তিতে পাকিস্তানে ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার কিছু বিক্ষোভকারী করাচির মার্কিন উপদূতাবাসে ঢুকে পড়েছিলেন। নিরাপত্তাবাহিনী গুলি চালায়। সেখানে ১০ জন এবং ইসলামাবাদে পৃথক ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়। ইরান আক্রমণের নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও।

Advertisement
আরও পড়ুন