NITI Aayog Meet

‘মানব উন্নয়নে’ জোর দেবে নীতি আয়োগ

নীতি আয়োগের বক্তব্য, আর্থ-সামাজিক প্রেক্ষিত, বয়স, অঞ্চল, লিঙ্গ নির্বিশেষে সকলের উন্নয়ন ও কল্যাণই ‘সকলের জন্য মানব উন্নয়ন’-এর লক্ষ্য। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এ বিষয়ে আলোচনা হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৮:৩৩
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

স্বাধীনতার শতবর্ষ ২০৪৭-এ ‘বিকশিত ভারত’-এর কথা বলছেন নরেন্দ্র মোদী। সেই ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে ‘সকলের জন্য মানব উন্নয়ন’ই বৃহস্পতিবার নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে।

নীতি আয়োগের বক্তব্য, আর্থ-সামাজিক প্রেক্ষিত, বয়স, অঞ্চল, লিঙ্গ নির্বিশেষে সকলের উন্নয়ন ও কল্যাণই ‘সকলের জন্য মানব উন্নয়ন’-এর লক্ষ্য। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এ বিষয়ে আলোচনা হবে। মূলত চারটি স্তম্ভের উপরে আলোচনা হবে। এক) মানব পুঁজির ভিত ও ভবিষ্যতের জন্য দক্ষতার প্রশিক্ষণ। দুই) কর্মসংস্থান, উদ্যোগ ও আর্থিক বৃদ্ধির বিকেন্দ্রীকরণ। তিন) স্বাস্থ্য, পুষ্টি ও কল্যাণ। চার) সকলের জন্য সাম্য ও সম্মান।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বারের নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী প্রথম যোগ দিতে চলেছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি বিধায়ক, অর্থনীতিবিদ অশোক লাহিড়ী নীতি আয়োগের উপাধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার পরেও এই প্রথম পরিচালন পরিষদের বৈঠক বসছে। নীতি আয়োগের বক্তব্য, গত ডিসেম্বরে রাজ্যের মুখ্যসচিবদের জাতীয় সম্মেলন পাঁচটি বিষয়ে বিভিন্ন সুপারিশ করা হয়েছিল। শিশুদের শিক্ষা, স্কুল শিক্ষা, ভবিষ্যতের কথা ভেবে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, উচ্চ শিক্ষা ও খেলাধুলো। এ নিয়েও নীতি আয়োগের বৈঠকে আলোচনা হবে।

আরও পড়ুন