Racial Abuse

‘তোমরা কি মাসাজ পার্লার চালাও, যৌনকর্মী নাকি’! উত্তর-পূর্বের তরুণীদের সঙ্গে জাতিবিদ্বেষী আচরণের অভিযোগ দিল্লিতে

পুলিশ সূত্রে খবর, তরুণীদের উপরে কোনও শারীরিক আক্রমণ হয়নি। তবে যে ভাবে কুকথা বলা হয়েছে, তাতে তাঁরা মানসিক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯
দিল্লিতে জাতিবিদ্বেষী আচরণের অভিযোগ।

দিল্লিতে জাতিবিদ্বেষী আচরণের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তর-পূর্বের তিন তরুণীর সঙ্গে জাতিবিদ্বেষমূলক আচরণের অভিযোগ উঠল দিল্লিতে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির মালব্যনগর এলাকায়। অভিযোগ, প্রতিবেশী দম্পতি তাঁদের উদ্দেশে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছেন। বিভিন্ন কুকথা বলারও অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যে ওই দম্পতির বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ।

Advertisement

জানা যাচ্ছে, ওই তিন তরুণীর বাড়ি অরুণাচল প্রদেশে। কর্মসূত্রে দিল্লিতে ভাড়ার ফ্ল্যাটে থাকেন। ওই আবাসনের এক পরিবারের সঙ্গে গত শুক্রবার দুপুরে বচসা হয় তাঁদের। তরুণীদের পাঁচ তলার ফ্ল্যাটে কোনও বৈদ্যুতিন যন্ত্র বসানোর কাজ চলছিল। তার জন্য দেওয়াল ফুটো করা হচ্ছিল। ওই সময় ধুলো এবং কিছু পাথরের টুকরো নীচেরতলায় গিয়ে পড়ে। তাতেই আপত্তি জানান চারতলার এক ফ্ল্যাটের বাসিন্দা। তরুণীদের বক্তব্য, ওই পরিবার তাঁদের ভাল ভাবেই বিষয়টি বলতে পারত। কিন্তু তা না-করে দম্পতি চড়াও হন তিন তরুণীর উপরে।

ওই বচসার কিছু ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। একটি ভিডিয়োয় অভিযুক্ত মহিলাকে বলতে শোনা যাচ্ছে, “তোমরা কি এখানে মাসাজ পার্লার চালাও! রাতে পার্টি হয়, কারা আসে!” তখন ওই তরুণীদের মধ্যে এক জন জোর দিয়ে বলেন, কোথায় আসে আমরা কী ভাবে জানব! আপনারা সিসি ক্যামেরা ঘেঁটে দেখুন। আমাদের ফ্ল্যাটে কেউ আসে কি না, তা হলেই বুঝতে পারবেন।” তার পরেও অভিযুক্ত মহিলা চিৎকার করতে থাকেন তাঁদের উদ্দেশে। এমনকি উত্তর-পূর্বের মহিলাদের নিয়েও বিভিন্ন কটূ মন্তব্য করতে শোনা যায় মহিলাকে।

পিটিআই জানাচ্ছে, অপর একটি ভিডিয়োয় অভিযুক্তকে বলতে শোনা যাচ্ছে, “তোমরা কি যৌনকর্মী! তোমরা এখানে কিসের ব্যবসা করো? তোমরা কি বাড়িতে মাসাজ পার্লার খুলে রেখেছো?” শুধু ওই মহিলাই নয়, তাঁর স্বামীও ওই তরুণীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। একটি ভিডিয়োয় মহিলার স্বামীকে বলতে শোনা যাচ্ছে, “উত্তর-পূর্ব থেকে এসে এখানে নোংরামি করছেন ওঁরা।”

শুক্রবারের ওই ঘটনায় ইতিমধ্যে পদক্ষেপ করেছে পুলিশ। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ভিন্ন ভিন্ন ধারায় এফআইআর রুজু করেছে মালব্যনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তরুণীদের উপরে কোনও শারীরিক আক্রমণ হয়নি। তবে যে ভাবে কুকথা বলা হয়েছে তাঁদের, তাতে তাঁরা মানসিক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন