ফের অসুস্থ দীপিকা কক্কর। ছবি: ফেসবুক।
বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। একই ভাবে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী জ়রীন খানের মা। রবিবার সন্ধ্যার খবর, সদ্য ক্যানসারমুক্ত দীপিকা কক্করের যকৃতে ফের সিস্ট খুঁজে পেয়েছেন চিকিৎসক।
গত জুনে যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকার। হাসপাতালে ভর্তি হলে টেনিস বল আকারের টিউমার বাদ দিয়েছিলেন চিকিৎসকেরা। দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। সংবাদমাধ্যমসূত্রে খবর, দিন দুই ধরে অল্প পেটব্যথায় ভুগছিলেন অভিনেত্রী। ২০ ফেব্রুয়ারি রাতে চিকিৎসকের কাছে যান। ধরা পড়ে, তাঁর যকৃতে ফের সিস্ট হয়েছে। সিটি স্ক্যানের পর চিকিৎসক জানিয়েছেন, আয়তনে এটি ১৩ মিমি-র মতো।
দীপিকার স্বামী সোয়েব ইব্রাহিম তাঁর ব্লগে জানিয়েছেন, চিকিৎসকেরা জানিয়েছেন, এ বার আর অস্ত্রোপচার হবে না তাঁর অভিনেত্রী স্ত্রীর। সিস্টটি পুড়িয়ে দেওয়া হবে। তার জন্য ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হতে হবে দীপিকাকে। এর জন্য তিন থেকে চার দিন হাসপাতালে থাকতে হবে তাঁকে। সিস্টের আকার ছোট হলেও তাকে একেবারে অবহেলা করছেন না চিকিৎসকেরা। কারণ, দীপিকার পূর্ব অসুস্থতা। তাই চিকিৎসকের পরামর্শ, সিস্টটি পুড়িয়ে দেওয়ার ফলাফলের উপর নির্ভর করছে অভিনেত্রীর চিকিৎসাপদ্ধতি। প্রয়োজনে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি দিতে হতে পারে দীপিকাকে।