Bridge Damaged in Bihar

চালু হওয়ার দু’সপ্তাহের মধ্যেই বন্ধ হল বিহারের সেতু! ২৬ কোটি টাকার প্রকল্পে গাড়ি চলাচলের শুরুতেই ঘটল বিপত্তি

বক্সারের জেলাশাসক সাহিলা শনিবার ওই সেতুর ক্ষতিগ্রস্ত অংশটি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন বিআরপিএনএনএল এবং রেলের আধিকারিকেরাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৭:১০
বিহারের বক্সারে ক্ষতিগ্রস্ত রেল ওভারব্রিজ।

বিহারের বক্সারে ক্ষতিগ্রস্ত রেল ওভারব্রিজ। ছবি: সংগৃহীত।

প্রায় ১২ বছর ধরে এই সেতুর জন্য অপেক্ষা করছিলেন বক্সারবাসী। চালুও হয় সপ্তাহ দু’য়েক আগে। কিন্তু তাতেও গলদ। ২৬ কোটি টাকা খরচ করে তৈরি রেল ওভারব্রিজের একটি পিলারের স্লাবে ধরা পড়ল ফাটল। বিষয়টি নজরে আসতেই সেতুর উপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে ঠিকাদারের বিরুদ্ধে।

Advertisement

‘টাইমস্ অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ মে এই সেতু চালু হয়। তার পরে শনিবার সেতুটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তার পরে শুক্রবার থেকে ছোট গাড়ি যাতায়াতও নিষিদ্ধ করে দেওয়া হয়। যদিও এই সেতুর দায়িত্বে থাকা বিহার রাজ্য পুল নির্মাণ নিগম (বিআরপিএনএনএল)-এর কর্তৃপক্ষের দাবি, ওই সেতুটি এখনও আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়নি। সেখানে এখনও কাজ চলছে।

বক্সারের জেলাশাসক সাহিলা শনিবার ওই সেতুর ক্ষতিগ্রস্ত অংশটি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন বিআরপিএনএনএল এবং রেলের আধিকারিকেরাও। পূর্ব-মধ্য রেলের দানাপুর শাখার সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়র-৩ উৎপল কান্ত জানান, সেতুটি নির্মাণের সময়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। সেতুর কিছু অংশ ঝুঁকিপূর্ণ রয়ে গিয়েছিল।

উল্লেখ্য, রেললাইনের উপরে এই সেতুটি রেলওয়ে কর্তৃপক্ষ এবং বিআরপিএনএনএল যৌথ উদ্যোগে তৈরি করছিল। সব মিলিয়ে ২৬ কোটিরও বেশি টাকা ব্যয় করে এই সেতু নির্মাণ হয়েছে। কিন্তু সেতু তৈরির দু’সপ্তাহের মধ্যে পিলারের স্লাবে ফাটল ধরা পড়ায় সেটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন