সিন্ধুর জল নিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথ সিংহের। — ফাইল চিত্র।
সন্ত্রাসে যারা মদত দেয়, তাদের সিন্ধুর জল দেবে না ভারত। পাকিস্তানের দিকে আঙুল তুলে জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। হায়দরাবাদে বিজেপির একটি কর্মসূচিতে রাজনাথ জানান, সিঁদুর অভিযানে ভারত বাকি বিশ্বকে দেখিয়ে দিয়েছে, যারা শান্তি, সম্প্রীতির ভাষা বোঝে না, তাদের কী ভাবে জবাব দিতে হয়। মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ঘোষণা।
২০২৫ সালে পহেলগাঁওয়ে হামলার পরে সিন্ধু চুক্তি স্থগিত করেছিল ভারত। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, রক্ত এবং জল একই সঙ্গে বইতে পারে না। সেই কথা মনে করিয়ে রাজনাথ বলেন, ‘‘পহেলগাঁও হামলার পরে সিন্ধু চুক্তি স্থগিত করার পরে আমরা বলেছিলাম, যাদের চোখের জল শুকিয়ে গিয়েছে, তাদের আমাদের থেকে জলের আশা করা উচিত নয়। সন্ত্রাসের পৃষ্ঠপোষক এবং মানবিকতার শত্রুদের কাছে সিন্ধুর জল পৌঁছোতে দেব না।’’
প্রসঙ্গত, ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি সই হয়েছিল। তা ভারত স্থগিত করার পর থেকেই একাধিক অভিযোগ করে এসেছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চেও ভারতের বিরুদ্ধে ‘নালিশ’ করেছে। কিন্তু লাভ হয়নি। ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, সিন্ধু ও তার উপনদীগুলির মধ্যে পূর্বমুখী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল ভারতের প্রাপ্য। পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জলে পাকিস্তানেরও অধিকার রয়েছে। কিন্তু পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে এই চুক্তি স্থগিত করে দেয় ভারত।
এর পরেই কর্মসূচিতে এনডিএ সরকারের গত ১২ বছরের খতিয়ান তুলে ধরেছেন রাজনাথ। তিনি জানিয়েছেন, মোদী সরকারের আমলেই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করা হয়েছে। দেশকে মাওবাদী-মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। তাঁর কথায়, ‘‘এক সময় কংগ্রেস বলত, কেউ ৩৭০ ধারা রদ করতে পারবে না। আমাদের সরকার তা করে দেখিয়েছে।’’