Ration

রেশন প্রকল্পের সংস্কার, কমিশনে অখুশি ডিলাররা

বৈষ্ণব জানান, রেশন দোকানের মালিকরাও এতে লাভবান হবেন। তাঁদের কমিশনও বাড়ানো হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৭:১৯

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভুয়ো কার্ড বাদ দিয়ে, চুরি বন্ধ করে রেশন সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ করতে আজ ‘সার্থক পিডিএস প্রকল্প’-এ সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী পাঁচ বছরের জন্য এই প্রকল্পে সরকার ২৫ হাজার ৫৩০ কোটি টাকা বরাদ্দ করবে। ৮০ কোটি মানুষ রেশনে খাদ্যশস্য পেয়ে থাকেন। এই প্রকল্পের লক্ষ্য, ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই)-র গুদাম থেকে রাজ্যগুলির রেশন দোকান পর্যন্ত খাদ্যশস্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পরিবহণ ও তদারকি ব্যবস্থাকে উন্নত করা। প্রতিটি খাদ্যশস্যের বস্তায় থাকবে কিউআর কোড। রেশনের গাড়িগুলিতে জিপিএস থাকবে। বৈষ্ণব বলেন, “একে সামগ্রিক ভাবে গণবণ্টন ব্যবস্থার সংস্কার বলা চলে। এই উদ্যোগের ফলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় কোনও পরিবর্তন হচ্ছে না। তবে, পরিকাঠামোর উন্নতি এবং খাদ্যশস্য বণ্টন প্রক্রিয়াকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে।”

বৈষ্ণব জানান, রেশন দোকানের মালিকরাও এতে লাভবান হবেন। তাঁদের কমিশনও বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, প্রতি কুইন্টাল খাদ্যশস্য বাবদ রেশন ডিলাররা এখন থেকে ৯০ টাকার বদলে ১০০ টাকা পাবেন। বিশেষ শ্রেণিভুক্ত রাজ্যে কমিশন ১৮০ টাকা থেকে ১৯৫ টাকা হবে। সর্বভারতীয় ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “মন্ত্রিসভায় দীর্ঘ টালবাহানার পরে পর্বতের মূষিক প্রসব হল। কমিশন বাড়ল মাত্র কিলোগ্রাম পিছু মাত্র ১০ পয়সা। আগামী সপ্তাহের মধ্যে ফেডারেশনের জাতীয় কমিটির বৈঠক ডেকে পরবর্তী কর্মসূচী ঠিক করা হবে।”

আরও পড়ুন