Twisha Sharma Mysterious Death

ত্বিশার রহস্যমৃত্যু: দ্বিতীয় ময়নাতদন্ত হল দিল্লি এমসের বিশেষজ্ঞদের উপস্থিতিতে, মৃত্যুর ১২ দিন পর হল অন্ত্যেষ্টিক্রিয়া

ত্বিশার রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে ত্বিশার রহস্যমৃত্যু মামলার শুনানি হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ২৩:০৩
ত্বিশা শর্মা। গত ১২ মে ভোপালে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।

ত্বিশা শর্মা। গত ১২ মে ভোপালে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। —ফাইল চিত্র।

ভোপালে রহস্যজনক ভাবে মৃত ত্বিশা শর্মার দেহের দ্বিতীয় ময়নাতদন্ত হয়ে গেল রবিবার। তবে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হতে কিছুটা সময় লাগবে। এমনটাই জানিয়েছেন দিল্লি এমসের ফরেনসিক মেডিসিন এবং টক্সিকোলজি বিভাগের প্রধান চিকিৎসক সুধীরকুমার গুপ্ত। তিনি জানান, হিস্টোপ্যাথলজি এবং ভিসেরা বিশ্লেষণ-সহ ল্যাবরেটরিতে নির্দিষ্ট কিছু পরীক্ষার দরকার রয়েছে। সেই কারণে রিপোর্ট তৈরি হতে কিছুটা সময় লাগবে।

Advertisement

ভোপাল এমসে দ্বিতীয় বার ময়নাতদন্ত হয় দেহের। মধ্যপ্রদেশ হাই কোর্টের নির্দেশে এই ময়নাতদন্তের সময়ে উপস্থিত ছিল দিল্লি এমসের চার চিকিৎসকের প্রতিনিধিদল। সোমবার দিল্লি এমসের চিকিৎসকেরা কিছু নমুনা, ছবি, ভিডিয়ো এবং লিখিত পর্যবেক্ষণ নিয়ে দিল্লিতে ফিরে যাবেন। ত্বিশার রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির এজলাসে ত্বিশার রহস্যমৃত্যু মামলার শুনানি হবে। অন্য দিকে, মৃতের শাশুড়ি তথা অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিংহের আগাম জামিন খারিজের আর্জিতে মধ্যপ্রদেশ হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ত্বিশার বাবা। একই আর্জিতে হাই কোর্টে পৃথক মামলা করেছে মধ্যপ্রদেশ সরকারও। ওই দু’টি মামলাও সোমবার শুনানির জন্য উঠবে হাই কোর্টে।

দ্বিতীয় ময়নাতদন্তের পরে রবিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্বিশার দেহ। বিকেলে ভোপালের ভদভদা বিশ্রাম ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। গত ১২ মে ভোপালের কাটরা হিল্‌স এলাকায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ত্বিশার দেহ। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ত্বিশার বাপেরবাড়ির লোকেদের অভিযোগ, পণের দাবিতে অত্যাচার চলত শ্বশুরবাড়িতে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ারও অভিযোগ উঠেছে। অন্য দিকে ত্বিশার শ্বশুরবাড়ির লোকেদের দাবি, তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন।

ত্বিশার মৃত্যুর পরে তাঁর স্বামী আইনজীবী সমর্থ সিংহকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। সূত্রের দাবি, ত্বিশার মৃত্যু যে রাতে হয়েছিল, তার ঠিক আগের মুহূর্তগুলি কী ভাবে কাটিয়েছিলেন দু’জনে, জেরায় পুলিশের কাছে তা নিয়ে মুখ খুলেছেন সমর্থ। তদন্তকারী সূত্রের খবর, জেরায় ত্বিশার স্বামী সমর্থ জানিয়েছেন, ওই সন্ধ্যায় ত্বিশা পার্লারে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পরে স্বামী-স্ত্রী উভয়েই বাড়ির কাছে একটি পার্কে গিয়েছিলেন। সমর্থের ওই দাবিগুলি যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন