Sharad Pawar Health

রাত থেকে টানা কাশি, গলায় সংক্রমণ! পুণের হাসপাতালে নিয়ে যাওয়া হল শরদ পওয়ারকে, এনসিপিতে উদ্বেগ

এনসিপি প্রধান শরদ পওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর গলায় সংক্রমণ ধরা পড়েছে বলে খবর। রবিবার রাত থেকে টানা কাশি হচ্ছিল তাঁর। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯
এনসিপি প্রধান শরদ পওয়ার।

এনসিপি প্রধান শরদ পওয়ার। —ফাইল চিত্র।

মহারাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিবিদ তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর গলায় সংক্রমণ ধরা পড়েছে বলে খবর। শরদের ভাইপো শ্রীনিবাস পওয়ার জানিয়েছেন, রবিবার রাত থেকে কাশি হচ্ছে শরদের। বুকে চাপ এবং ব্যথাও অনুভব করছিলেন তিনি। তাই সোমবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

বারামতীর বাড়ি থেকে পুণের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শরদকে। চিকিৎসকদের একটি দল তাঁকে দেখছেন। শরদকে হাসপাতালে এখনও ভর্তি করানো হয়নি। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ওই হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের প্রধান চিকিৎসক পরভেজ় গ্র্যান্ট এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী কয়েক ঘণ্টায় শরদের শারীরিক কিছু পরীক্ষানিরীক্ষা হবে। বয়সের কথা মাথায় রেখে যদি প্রয়োজন মনে হয়, তবেই তাঁকে ভর্তি করিয়ে নেওয়া হবে।

নব্বইয়ের দশকে শরদ ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর মুখে ক্যানসারের সংক্রমণ ধরা পড়েছিল। আমেরিকা এবং ভারতে একাধিক অস্ত্রোপচারের পর তা সেরে গিয়েছে। ৮৫ বছরের বর্ষীয়ান এই নেতার অসুস্থতায় উদ্বিগ্ন মহারাষ্ট্রের এনসিপি সমর্থকেরা। নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

কিছু দিন আগে বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শরদের ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। অজিতের মৃত্যুতে মুষড়ে পড়েছিলেন শরদ। মৃত্যু নিয়ে রাজনীতি না-করার বার্তাও দিয়েছিলেন। পুণেতে এখন জেলা পরিষদের নির্বাচনের ফলপ্রকাশ চলছে। এই ভোটে দুই এনসিপিই একসঙ্গে লড়েছে। দলের কর্মী-সমর্থকেরা ভোটের ফল নিয়ে ব্যস্ত। তার মধ্যেই শরদের অসুস্থতার খবর উদ্বেগ বাড়িয়েছে।

Advertisement
আরও পড়ুন