Uttar Pradesh Shooting

গুলিতে ঝাঁঝরা মুখতার আনসারি বাহিনীর শুটার! ১০মিনিট ধরে তাণ্ডব অজ্ঞাতপরিচয়দের, হুলস্থুল উত্তরপ্রদেশে

পুলিশ জানিয়েছে, লখনউ থেকে বরাবাঁকী যাচ্ছিলেন ববি। গাড়িতে তিনি একাই ছিলেন। রাস্তাতেই তাঁর ঘিরে ধরে কয়েক জন অজ্ঞাতপরিচয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০১
(বাঁ দিকে) মৃত দুষ্কৃতী ববি। মুখতার আনসারি (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

(বাঁ দিকে) মৃত দুষ্কৃতী ববি। মুখতার আনসারি (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র পাঁচ বারের বিধায়ক তথা ‘বাহুবলী’ নেতা মুখতার আনসারি বাহিনীর এক শুটারের গাড়ি ঘিরে ১০ মিনিট ধরে গুলি চালালেন অজ্ঞাতপরিচয়েরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শোয়েব ওরফে ববি নামে ওই দুষ্কৃতীর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরাবাঁকীতে।

Advertisement

পুলিশ জানিয়েছে, লখনউ থেকে বরাবাঁকী যাচ্ছিলেন ববি। গাড়িতে তিনি একাই ছিলেন। রাস্তাতেই তাঁকে ঘিরে ধরে কয়েক জন অজ্ঞাতপরিচয়। তার পরই মুহুর্মুহু গুলি চলে ববির গাড়ি লক্ষ্য করে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ১৫ রাউন্ড গুলি চলেছে। ভরা রাস্তায় আচমকা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চলায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। তার পর ববির দেহ উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আনসারি বাহিনীর শুটার ছিলেন ববি। ১৯৯৯ সালে লখনউয়ের জেলার আরকে তিওয়ারির হত্যায় অভিযুক্ত ছিলেন তিনি। শুক্রবার সকালে লখনউ থেকে বরাবাঁকীতে আদালতে যাচ্ছিলেন ববি। অসেনি উড়ালপুলের কাছে আগে থেকেই হামলাকারীরা অপেক্ষা করছিল। ববির গাড়ি উড়ালপুলে উঠতেই গাড়ি লক্ষ্য করে গুলি করে ছয় দুষ্কৃতী। তারা বাইক এবং গাড়ি করে এসেছিল।

২০২৪ সালে আনসারির মৃত্যু হয়। বান্দা জেল থেকে রানি দুর্গাবতী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদ্‌রোগে মৃত্যু হয় তাঁর। আনসারির বিরুদ্ধে ৬৫টি ফৌজদারি মামলা রয়েছে।

Advertisement
আরও পড়ুন