Pune Businessman Son Death

বিয়ের কেনাকাটার নামে সিয়া ১ কোটি টাকা নেন কেতনের থেকে, পুরোটাই দেন প্রেমিক চেতনকে! কী পরিকল্পনা ছিল?

চেতন জানিয়েছিলেন, ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে অন্তত তিন বছর সময় লাগবে তাঁর। তার আগে বিয়ে করবেন না। হবু স্বামীর থেকে নেওয়া টাকা এর পর সিয়া তুলে দেন প্রেমিকের হাতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৩:০০
(বাঁ দিকে) পুণের ব্যবসায়ী পুত্র কেতন অগ্রবাল। তাঁর বাগ্‌দত্তা সিয়া গোয়ল (ডান দিকে)।

(বাঁ দিকে) পুণের ব্যবসায়ী পুত্র কেতন অগ্রবাল। তাঁর বাগ্‌দত্তা সিয়া গোয়ল (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিয়ের কেনাকাটা করার জন্য এক কোটি টাকা হবু স্বামী কেতন অগ্রবালের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন সিয়া গোয়ল। তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ। সেই টাকা দিয়ে আদৌ তিনি বিয়ের জন্য কোনও কেনাকাটা করেননি। বরং পুরো টাকাটাই তুলে দিয়েছিলেন প্রেমিক চেতন চৌধরীর হাতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, চেতনের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল ছিল না। তিনি সিয়াকে জানিয়েছিলেন, অন্তত তিন বছর লাগবে তাঁর নিজের পায়ে দাঁড়াতে। ব্যবসা দাঁড় করানোর জন্য চেতনের কিছু টাকা প্রয়োজন ছিল। কেতনের কাছ থেকে নিয়ে সেই টাকাই সিয়া তুলে দেন প্রেমিকের হাতে। পুণের ব্যবসায়ীর পুত্র কেতনের সঙ্গে সিয়ার বাগ্‌দান হয়ে গিয়েছিল। হবু স্ত্রীকে তিনি কোনও সন্দেহই করেননি। তাই বিয়ের কেনাকাটার টাকা তাঁর হাতে তুলে দিতে দ্বিধাও করেননি।

পুলিশ জানতে পেরেছে, কেতনকে খুনের পর তিন বছর অবিবাহিত থাকার পরিকল্পনা করেছিলেন সিয়া। তার মধ্যে চেতনের ব্যবসাও দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল। সন্দেহ এড়াতেই তিন বছর পর সিয়া-চেতন বিয়ে করবেন ঠিক করেছিলেন। বুঝতে পারেননি যে, ধরা পড়ে যেতে পারেন। তদন্তকারীদের দাবি, সিয়ার পরিবারেও চেতনকে নিয়ে আপত্তি ছিল। ব্যবসা দাঁড় করাতে পারলে তিন বছরের মধ্যে গোয়ল পরিবারে চেতনের গ্রহণযোগ্যতা তৈরি হবে বলে মনে করেছিলেন সিয়া।

গত ১৮ জুন পুণের লোহাগড় দুর্গ থেকে খাদে পড়ে মৃত্যু হয় কেতনের। প্রাথমিক ভাবে একে দুর্ঘটনা বলে মনে করেছিল পুলিশ। পরে খুনের বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ, সিয়া এবং চেতন পরিকল্পনা করে এই হত্যা করেছেন। ধাক্কা মেরে খাদে ফেলে দেওয়া হয়েছে কেতনকে। দু’জনকেই খুন এবং ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন। সূত্রের দাবি, খুনের কথা প্রথম কার মাথায় এসেছিল, তা নিয়ে সিয়া এবং চেতন পরস্পরকে দোষারোপ করছেন জেরার মুখে। রবিবার সিয়াকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন