—প্রতীকী চিত্র।
দিল্লির যন্তর মন্তরে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন আজ সপ্তম দিনে পড়ল। নিটের প্রশ্ন ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ও লাদাখ নিয়ে একগুচ্ছ দাবি তুলে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র মঞ্চে অনশন করছেন সোনম। ইতিমধ্যেই তাঁর দেহের ওজন পাঁচ কেজি কমেছে। তবে তাঁর দাবি নিয়ে কেন্দ্রের তরফে সাড়া মেলেনি।
সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্স হ্যান্ডলে লেখেন, ‘যদি সরকার ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে দ্রুত কোনও পদক্ষেপ না করে, সোনম স্যরের যে কোনও ক্ষতির জন্য দায়ী থাকবে তারা।’ তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রীর কাছে ধর্মেন্দ্র প্রধান কি এতটাই গুরুত্বপূর্ণ যে, ২০ জন পড়ুয়ার মৃত্যুর পরেও তাঁকে সরানো হচ্ছে না? যন্তর মন্তরে প্রতিবাদে শামিল হয়েছেন শিক্ষার্থীরাও। জেএনইউয়ের ছাত্র নেতা দানিশ আলি অনশনে অসুস্থ হয়ে পড়েছেন।
এই আন্দোলন আজ ১৫ দিনে পড়ছে। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়ে সিজেপি-র প্রশ্ন, ‘স্যর, আপনাদের সরকার আর কত দিন আমাদের কণ্ঠস্বরকে উপেক্ষা করবে?’