Bike Accident

বিয়ের কার্ড বিলি করতে যাওয়ার পথে দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বাবা, ছেলে এবং এক আত্মীয়ের

পুলিশ জানিয়েছে, তাঁরা তিন জন একটি বাইকে করে যাচ্ছিলেন। বাইক চালাচ্ছিলেন শিবম। সেই সময় কোস্টা গ্রামের কাছে একটি এসইউভি উল্টো দিক থেকে এসে বিশ্বকর্মাদের বাইকে সজোরে ধাক্কা মারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৪
(বাঁ দিকে) দুর্ঘটনাগ্রস্ত বাইক। (ডান দিকে) ঘাতক এসইউভি। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) দুর্ঘটনাগ্রস্ত বাইক। (ডান দিকে) ঘাতক এসইউভি। ছবি: সংগৃহীত।

বিয়ের কার্ড বিলি করতে বেরিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন জনের। শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রীবায়। মৃতেরা হলেন ভগবত বিশ্বকর্মা, তাঁর পুত্র শিবম বিশ্বকর্মা এবং এক আত্মীয় শীতল বিশ্বকর্মা।

Advertisement

পুলিশ জানিয়েছে, তাঁরা তিন জন একটি বাইকে করে যাচ্ছিলেন। বাইক চালাচ্ছিলেন শিবম। সেই সময় কোস্টা গ্রামের কাছে একটি এসইউভি উল্টো দিক থেকে এসে বিশ্বকর্মাদের বাইকে সজোরে ধাক্কা মারে। অভিঘাত এতটাই জোরালো ছিল যে, বাইক থেকে কয়েক ফুট শূন্যে উঠে রাস্তায় আছড়ে পড়েন বিশ্বকর্মারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিয়ের নিমন্ত্রণের কার্ড। বিশ্বকর্মাদের বাইকে ধাক্কা মারার পর ঘাতক গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে আটকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি রীবা-প্রয়াগরাজ হাইওয়ে ধরে প্রয়াগরাজের দিক থেকে আসছিল। তার পরই সেটি বিশ্বকর্মাদের বাইকে ধাক্কা মারে। তিন জন বাইক থেকে ছিটকে পড়েন রাস্তায়। গাড়িচালক পালানোর চেষ্টা করেন। কিন্তু গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে আটকে যাওয়ায় স্থানীয়েরা চালককে ধরে ফেলেন। তার পর পুলিশের হাতে তুলে দেন। ঘটনাস্থলে পুলিশ এসে বিশ্বকর্মাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ভগবত বিশ্বকর্মার জ্যেষ্ঠপুত্রের বিয়ের অনুষ্ঠান ছিল ২৪ ফেব্রুয়ারি। অতিথিদের নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন তিন জন। কিন্তু বাড়ি থেকে দু’কিলোমিটারের মধ্যেই দুর্ঘটনার শিকার হন বিশ্বকর্মারা।

Advertisement
আরও পড়ুন