Epstein Controversy

এপস্টিন-সাক্ষাতের সব দাবি উড়িয়ে বিবৃতি দলাই লামার

সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ এপস্টিন সম্পর্কিত ৩০ লক্ষেরও বেশি নথি, ২০০০টিরও বেশি ভিডিয়ো এবং প্রায় ১,৮০,০০০ ছবি প্রকাশ করেছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৪
তিব্বতি ধর্মগুরু দলাই লামা।

তিব্বতি ধর্মগুরু দলাই লামা। ফাইল চিত্র।

আমেরিকার বিচার বিভাগ প্রকাশিত যৌন অপরাধী জ়েফ্রি এপস্টিন সংক্রান্ত বিভিন্ন নথিতে ১৬৯ বার তাঁর নামের উল্লেখ থাকলেও এপস্টিনের সঙ্গে তিব্বতি ধর্মগুরু দলাই লামার কোনও ধরনের সম্পর্ক ছিল না। এমনকি তাঁদের মধ্যে কোনও দিন দেখাও হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত যাবতীয় দাবিকে এই ভাবেই খারিজ করে বিবৃতি দিল দলাই লামার দফতর। দলাই লামার সরকারি এক্স-হ্যান্ডল থেকে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সম্প্রতি কিছু সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের পোস্টে ‘এপস্টিন ফাইল’ সম্পর্কিত রিপোর্টে পরম পবিত্র দলাই লামাকে জ়েফ্রি এপস্টিনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাবে নিশ্চিত করতে পারি যে, পরম পবিত্র দলাই লামা কখনও জ়েফ্রি এপস্টিনের সঙ্গে দেখা করেননি বা তাঁর পক্ষ থেকে কারও সাথে সাক্ষাৎ বা আলাপচারিতার অনুমতি দেননি।’’

সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ এপস্টিন সম্পর্কিত ৩০ লক্ষেরও বেশি নথি, ২০০০টিরও বেশি ভিডিয়ো এবং প্রায় ১,৮০,০০০ ছবি প্রকাশ করেছে। সেগুলির সূত্রেই আরও একাধিক প্রভাবশালীর পাশাপাশি তিব্বতি ধর্মগুরুর নামও উঠে এসেছে। এই সংক্রান্ত কিছু প্রতিবেদনে ২০১২ সালের অক্টোবরের কয়েকটি ই-মেলের উল্লেখ করা হয়েছে, যেখানে তিব্বতি আধ্যাত্মিক নেতা এবং এপস্টিনের মধ্যে একটি বৈঠকের ইঙ্গিত ছিল বলে অভিযোগ করা হয়েছে। আরও বলা হয়েছে যে, দলাই লামা একটি অনুষ্ঠানে এপস্টিনের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছিল। এ ছাড়াও ইউরোপীয় সংবাদমাধ্যম ‘নেক্সটা টিভি’ দাবি করে যে, দলাই লামার অনুসারী হিসেবে পরিচিত ব্যক্তিরা এপস্টিনের সঙ্গে দেখা করে থাকতে পারেন। প্রকাশিত ই-মেলগুলি থেকে জানা যায়, এপস্টিন এমন অনুষ্ঠানে যোগদানের বিষয়ে আলোচনা করেছিলেন, যেখানে দলাই লামাও উপস্থিত থাকবেন। উদাহরণস্বরূপ, ২০১২ সালের একটি ই-মেলে একটি নামহীন দ্বীপে অনুষ্ঠানের উল্লেখ রয়েছে, যেখানে এপস্টিন দলাই লামার উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন। ২০১৫ সালের আর একটি ই-মেলে উল্লেখ করা হয়েছে, ‘‘প্রথম পদক্ষেপ হবে তেনজিনের সাথে দেখা করা। তাঁর ছাত্র, যিনি দলাই লামা সেন্টার পরিচালনা করেন... তিনি আমাদের দলাই লামাকে এনে দিতে পারেন।’’

এই প্রসঙ্গেই সাংবাদিক এবং এপস্টিনের প্রাক্তন পরামর্শদাতা মিখায়েল উল্ফের গত বছরের একটি সাক্ষাৎকার আলোচনায় উঠে আসে। ‘ডেইলি বিস্ট’ শীর্ষক ওই পডকাস্টে উপস্থিত হয়ে ওই সাংবাদিক এমন কিছু সমাবেশ সম্পর্কে কথা বলেছিলেন, যেগুলোকে ‘সালোঁ’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। এপস্টিনের ম্যানহাটনের বাসভবনে আয়োজিত এই সব সালোঁ-য় বেশ কয়েক জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকতেন বলে দাবি করার পাশাপাশি উল্ফ উপস্থিতদের নাম উল্লেখ করার সময় দলাই লামার নামও নেন। তবে একই সঙ্গে তিনি জানান, দলাই লামার উপস্থিতি যদি থেকেও থাকে, তবে তা নেহাতই তহবিল সংগ্রহ বা জনহিতকর কাজের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তবে দলাই লামার কার্যালয় যাবতীয় আলোচনা এবং নামোল্লেখকে উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়েছে যে, এই ধরনের কোনও সাক্ষাতের আয়োজন করা হয়নি বা অনুমোদনও দেওয়া হয়নি।


আরও পড়ুন