Social Media

ভারতে সমাজমাধ্যম ব্যবহারে বয়স-সীমা নির্ধারণ, বিভিন্ন মত যাচাই করে সিদ্ধান্ত নেবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক

গত সপ্তাহে সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছিল, অনলাইন আসক্তি কমাতে অনলাইনে ক্লাস কমানোর। ওই প্রতিবেদনেই জানানো হয়েছিল, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স-সীমা থাকা উচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৮

—প্রতীকী চিত্র।

সংসদে অর্থনৈতিক সমীক্ষা সংক্রান্ত প্রতিবেদন থেকে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, অন্যান্য বেশ কয়েকটি দেশের মতো ভারতেও সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়স-সীমা থাকতে পারে। সেই ইঙ্গিতে কার্যত শিলমোহর পড়ল। বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি সচিব জানিয়েছেন, অর্থনৈতিক সমীক্ষায় বয়সের ভিত্তিতে অনলাইন প্ল‍্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। সমস্ত মতামত খতিয়ে দেখে এই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত, গত সপ্তাহে সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছিল, অনলাইন আসক্তি কমাতে অনলাইনে ক্লাস কমানোর। ওই প্রতিবেদনেই জানানো হয়েছিল, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স-সীমা থাকা উচিত। বিশেষ ভাবে উঠে এসেছিল শিশু সুরক্ষার কথাও।

সম্প্রতি গাজিয়াবাদে অনলাইন গেমে আসক্তির জেরে আত্মহত্যা করেছে তিন নাবালিকা। যার জেরে উদ্বেগ বেড়েছে। উল্লেখ্য, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ফ্রান্স। একই পথে হাঁটছে ইংল্যান্ডও। এ বার ভারতেও শিশুদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হতে পারে। অনলাইন আসক্তি কমলে যৌনতা, হিংসার মতো আচরণ রোধ সম্ভব বলেও মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন