Greater Noida Dowry Murder Case

‘ওরা খুনি, এনকাউন্টার করে মারা হোক’! পণের জন্য কন্যার খুনে অভিযুক্তদের শাস্তি চাইছেন বাবা

অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকে পণের জন্য নিকির উপর চাপ সৃষ্টি করতেন শ্বশুরবাড়ির লোকেরা। বাদ যাননি বিপিনও। পণের দাবি নিয়ে প্রায়শই বিপিন এবং নিকির মধ্যে অশান্তি লেগে থাকত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১১:৫৪
They should be shot in encounter, demand by father of greater noida\\\\\\\'s woman

নিকি ভাটি। — ফাইল চিত্র।

এনকাউন্টারে গুলি করে মারা হোক। অভিযুক্তেরা যেন কোনও ভাবে ছাড় না পান, সেই দাবি তুললেন উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার মৃত যুবতী নিকি ভাটির বাবা। শুধু তা-ই নয়, শাস্তি হিসাবে অভিযুক্তদের বাড়ি ভেঙে ফেলার দাবিও তুলেছেন তিনি।

Advertisement

ভিখারি সিংহ তাঁর কন্যা নিকির সঙ্গে বছর নয় আগে বিপিন ভাটির বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর প্রথম প্রথম সব ঠিকঠাক ছিল। অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকে পণের জন্য নিকির উপর চাপ সৃষ্টি করতেন শ্বশুরবাড়ির লোকেরা। বাদ যাননি স্বামীও। পণের দাবি নিয়ে প্রায়শই বিপিন এবং নিকির মধ্যে অশান্তি লেগে থাকত। সাম্প্রতিক সময়ে ৩৬ লক্ষ টাকা পণ দাবি করেছিলেন নিকির শ্বশুরবাড়ির লোকেরা। পণের সেই ৩৬ লক্ষ টাকা না পেয়ে বৃহস্পতিবার নিকির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

‘এনডিটিভি’-র সঙ্গে কথা বলার সময় নিকির বাবা বলেন, ‘‘ওরা খুনি। ওদের গুলি করে মারা উচিত। ওদের বাড়ি ভেঙে দেওয়া হোক। আমার মেয়ে পার্লারের কাজ করে ছেলের দেখভাল করছিল। ওরা সবাই মিলে আমার মেয়ের উপর অত্যাচার করত। সকলেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। শাস্তি চাই।’’

নিকির দিদি কাঞ্চনও ওই বাড়ির পুত্রবধূ। বিপিনের দাদা রোহিতের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে কাসনা থানায় মামলা রুজু হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিকিকে তাঁর স্বামী এবং শাশুড়ি মিলে অত্যাচার করেন। কাঞ্চন বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। চুলের মুঠি ধরে নিকিকে সিঁড়ি দিয়ে টানতে টানতে নীচে নিয়ে আসেন বিপিন। তার পর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন।

স্ত্রীকে খুনের অভিযোগে শনিবারই গ্রেফতার হয়েছেন নিকির স্বামী বিপিন। তবে তাঁর পরিবারের বাকি সদস্যেরা পলাতক। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিপিন দাবি করেন, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত জানতে পেরেছে নিকিকে পুড়িয়ে মেরেছেন তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। কী ভাবে মাকে তার বাবা, জেঠু, ঠাকুমা এবং দাদু মিলে খুন করেছে, পুলিশের কাছে সেই বর্ণনা দিয়েছে বিপিন এবং নিকির ছেলে।

নিকির বাবা জানান, তাঁর কন্যা কখনই বুঝতে দেননি শ্বশুরবাড়িতে অশান্তির কথা। নিজের সংসার বাঁচানোর চেষ্টা করেছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে মেয়ের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ভিখারির প্রশ্ন, ‘‘সরকার পকেটমারের পায়ে গুলি করে, কিন্তু খুনিদের মারবে না কেন?’’ নিকির বাবার দাবি, বিপিন অন্য কোনও মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁর পথ থেকে নিকিকে সরাতে চেয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন