—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ইরানে আমেরিকা-ইজ়রায়েলের হামলার প্রতিবাদে আজ কাশ্মীরের একাধিক জায়গায় জমায়েত হল। মগাম, বডগামের মতো এলাকায় মিছিল হয়। মূলত শিয়া অধ্যুষিত এলাকাগুলিতে প্রতিবাদের আঁচ দেখা গিয়েছে। একই মিছিল থেকে সমর্থন জানানো হয়েছে প্যালেস্টাইনকেও। তবে এই সঙ্গে, অশান্তির আশঙ্কায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শ্রীনগর-সহ বহু এলাকায়।
রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায় স্বাভাবিকের থেকে বেশি নিরাপত্তার আয়োজন করা হয়েছিল কাশ্মীর জুড়ে। উপত্যকার স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ ভাবে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। তার মধ্যেই রাস্তায় নামেন মানুষ। ইজ়রায়েল, আমেরিকা-বিরোধী স্লোগান ওঠে মিছিল থেকে। আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবি হাতে অনেককে দেখা যায় বডগামে।
এরই মধ্যে অশান্তির আশঙ্কায় শ্রীনগরের নওহাট্টা এলাকার জামা মসজিদও বন্ধ রাখা হয়। যদিও এই পদক্ষেপের নিন্দা করেন হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ় ওমর ফারুক। এক্স হ্যান্ডলে পোস্ট করে মিরওয়াইজ় বলেন, ‘পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে যখন হাজার হাজার মানুষ শ্রীনগরের জামিয়া মসজিদে প্রার্থনা করতে আসতে চাইছেন, তখনই এর দরজা আবারও বন্ধ করে দেওয়া হল’। তাঁর দাবি, এই নিয়ে পর পর সাত বছর ওই মসজিদে ঢুকে প্রার্থনা করতে বাধা দেওয়া হল।
ইজ়রায়েলের আল আকসা মসজিদের পরিস্থিতির সঙ্গে তুলনা করে মিরওয়াইজ় বলেন, ‘যে ভাবে রমজান মাসে জোর করে আল আকসা মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের এখানেও তেমনই করুণ পরিস্থিতি।’ তবে সূত্রের খবর, এ দিন ডাল হ্রদের কাছাকাছি অবস্থিত হজরতবাল মসজিদে ৮০ হাজারেরও বেশি মানুষ প্রার্থনা করতে যান।