News Of The Day

কৃত্রিম মেধা সম্মেলন। সুপার এইটের আগে কী ভাবে তৈরি হচ্ছেন সূর্যেরা। হরমনপ্রীতদের ম্যাচ। আর কী কী

দিল্লিতে চলছে কৃত্রিম মেধা সম্মেলন, সুপার এইটে ভারত, শপথ নিয়েছেন তারেক রহমান, বিশ্বকাপে আজ আবার ইডেনে খেলা, অস্ট্রেলিয়া সফরে ভারতের মেয়েদের ক্রিকেট দল, উচ্চ মাধ্যমিকের পঞ্চম দিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬
গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

দিল্লিতে চলছে কৃত্রিম মেধা সম্মেলন। দেশ বিদেশের বিভিন্ন উদ্যোগপতি এবং প্রযুক্তিবিদেরা সেখানে অংশগ্রহণ করছেন। বর্তমানে দিল্লিতে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। আজ কৃত্রিম মেধা সম্মেলনে থাকতে পারেন তিনিও। তবে আজ কৃত্রিম মেধা সম্মেলনে বিশেষ কর্মসূচির জন্য সাধারণের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠে গিয়েছিল ভারত। বুধবার গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে অপরাজিত থাকল সূর্যকুমার যাদবের দল। সুপার এইটে প্রথম ম্যাচেই কঠিন লড়াই ভারতের। রবিবার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। কী ভাবে তৈরি হচ্ছে ভারত? থাকছে সব খবর।

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে মঙ্গলবার শপথ নিয়েছেন তারেক রহমান। তাঁর সঙ্গে তাঁর মন্ত্রিসভার আরও ৪৯ জন সদস্য শপথ নেন। বুধবার মন্ত্রিসভার বৈঠক করেন তারেক। তাঁর উপদেষ্টা জানিয়েছেন, কী ভাবে দেশ চালাবে বিএনপি, তা নিয়ে প্রাথমিক ভাবে ১৮০ দিনের একটি ‘স্বল্পমেয়াদি’ পরিকল্পনা রয়েছে। শীঘ্রই তা জনগণের কাছে প্রকাশ করা হবে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

বিশ্বকাপে আজ আবার ইডেনে খেলা। মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ় ও ইটালি। খেলা সকাল ১১টা থেকে। সুপার এইটে ১ মার্চ ইডেনেই ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ়। তার আগে কলকাতায় খেলার সুযোগ পেয়ে যাচ্ছে ক্যারিবিয়ানরা। আজ রয়েছে আরও দু’টি ম্যাচ। শ্রীলঙ্কা বনাম জিম্বাবোয়ে ম্যাচ বিকেল ৩টে থেকে। আফগানিস্তান মুখোমুখি কানাডার। এই ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। সব খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

অস্ট্রেলিয়া সফরে ভারতের মেয়েদের ক্রিকেট দল। আজ ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে রয়েছে হরমনপ্রীত কৌরের দল। আজ জিতলেই তিন ম্যাচের সিরিজ়ও জিতে যাবে ভারত। খেলা দুপুর ১:৪৫ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ উচ্চ মাধ্যমিকের পঞ্চম দিনের পরীক্ষা। গণিত, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ-সহ একাধিক বিভাগের পরীক্ষা রয়েছে আজ। পরীক্ষা শুরু সকাল ১০ টা থেকে। এখন‌ও পর্যন্ত পরীক্ষা হলে মোবাইল-সহ ধরা পড়ার জন্য তিন জনের পরীক্ষা বাতিল হয়েছে চতুর্থ সেমেস্টারে।

Advertisement
আরও পড়ুন