Delhi Assembly Security

নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লির বিধানসভা চত্বরে ঢুকে পড়ল গাড়ি! মাস্কে মুখ ঢাকা চালক পালিয়েও গেলেন কিছুক্ষণের মধ্যে

সম্প্রতি দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন সেখানে বেশ কয়েক বার বোমাতঙ্ক ছড়িয়েছিল। তার পরে আচমকা এক অচেনা গাড়ি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিধানসভা ভবন চত্বরে চলে আসায় ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৬:২১
সোমবার দুপুরে দিল্লির বিধানসভা ভবন চত্বরে মোতায়েন পুলিশ।

সোমবার দুপুরে দিল্লির বিধানসভা ভবন চত্বরে মোতায়েন পুলিশ। ছবি: সংগৃহীত।

নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লির বিধানসভা ভবন চত্বরে ঢুকে পড়ল গাড়ি। সোমবার দুপুরে বিধানসভার ২ নম্বর গেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিতরে ঢুকে যায় গাড়িটি। পিটিআই জানাচ্ছে, গাড়িটির নম্বরপ্লেট ছিল উত্তরপ্রদেশের। এবং চালক মুখে মাস্ক পরে ছিলেন। তবে কী উদ্দেশ্যে তিনি গাড়ি নিয়ে বিধানসভা চত্বরের ভিতরে প্রবেশ করেন, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

দিল্লির সচিবালয়ের এক আধিকারিক পিটিআই-কে বলেন, “চালক বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের অফিসের দিকে এগিয়ে যান। স্পিকারের অফিসের বারান্দার কাছে তিনি একটি ফুলের তোড়া রেখে সেখান থেকে চলে যান।” হঠাৎ একটি অচেনা গাড়ি এ ভাবে বিধানসভা ভবন চত্বরে ঢুকে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন সেখানে বেশ কয়েক বার বোমাতঙ্ক ছড়িয়েছিল। বিধানসভা চত্বরে বোমা লুকিয়ে রাখার ভুয়ো তথ্য ছড়ানো হয়েছিল। তার পরে একটি গাড়ি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিধানসভা ভবন চত্বরে চলে আসায় ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দিল্লির সচিবালয়ের ওই আধিকারিক জানান, এই ঘটনাটি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধি করেছে। ‘নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন’ হিসাবেই এই বিষয়টিকে দেখছেন কর্তৃপক্ষ।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সোমবার দুপুর ২টো নাগাদ বিধানসভা চত্বরে প্রবেশ করে ওই গাড়িটি। উত্তরপ্রদেশের নম্বর প্লেট দেওয়া ওই গাড়িটি ভিতরে প্রবেশের কিছু ক্ষণের মধ্যে আবার সেখান থেকে চলে যায়। সংবাদমাধ্যমের একাংশের দাবি, বিধানসভা চত্বরে প্রবেশের পরে স্পিকারের গাড়ির দিকে কালিও ছোড়েন ওই চালক। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি। জানা যাচ্ছে, ওই ঘটনার পর পরই বম্ব স্কোয়াড পৌঁছে যায় ঘটনাস্থলে। ফুলের তোড়াটি পরীক্ষা করে দেখতে শুরু করেছেন তাঁরা। তবে তাতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলেই আধিকারিক সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন