DA Hike in Tamil Nadu

তামিলনাড়ুতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়! কেন্দ্রের সমান মহার্ঘ ভাতার ঘোষণা

এ বার থেকে কেন্দ্রের সমান হারে ডিএ দেবে তামিলনাড়ু সরকারও। বিজয় জানিয়েছেন, বর্ধিত ডিএ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৯:৪৪
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রেসিডেন্ট বিজয়।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রেসিডেন্ট বিজয়। —ফাইল চিত্র।

তামিলনাড়ুতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দুই শতাংশ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়। ক্ষমতায় আসার পরপরই এই পদক্ষেপ করলেন তিনি। বৃহস্পতিবার বিজয় জানিয়েছেন, তামিলনাড়ুর রাজ্য সরকারি কর্মী, শিক্ষক-শিক্ষিকা, পেনশনপ্রাপকেরা এ বার থেকে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাবেন। কর্মচারী এবং তাঁদের পরিবারের স্বার্থকে সুরক্ষিত করার লক্ষ্যেই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এত দিন তামিলনাড়ুর রাজ্য সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন। দুই শতাংশ বৃদ্ধির ফলে এ বার থেকে তাঁরা ৬০ শতাংশ হারে ডিএ পাবেন। বিজয়ের এই সিদ্ধান্তে খুশি সে রাজ্যের সরকারি কর্মচারী মহল। চলতি বছরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র। ৫৮ শতাংশ থেকে দুই শতাংশ বাড়িয়ে তা ৬০ শতাংশ করা হয়েছিল। এ বার থেকে কেন্দ্রের সমান হারে ডিএ দেবে তামিলনাড়ু সরকারও। বিজয় জানিয়েছেন, বর্ধিত ডিএ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে।

দুই শতাংশ ডিএ বৃদ্ধি করায় তামিলনাড়ু সরকারের বার্ষিক খরচ ১২৩০ কোটি টাকা বাড়বে। প্রয়োজনীয় সেই বরাদ্দ সরকার শীঘ্রই করে দেবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে রাজ্যবাসীর স্বার্থে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করার আশ্বাস দিয়েছেন বিজয়।

ডিএ-র নিরিখে তামিলনাড়ু সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের চেয়ে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের সরকারি কর্মচারীরা এখন ১৮ শতাংশ হারে ডিএ পান। যদিও গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। তার চূড়ান্ত বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। ওই বর্ধিত ডিএ কার্যকর হলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ-র পরিমাণ পৌঁছোবে ২২ শতাংশে। কেন্দ্রের সঙ্গে তার পরেও ৩৮ শতাংশের ফারাক থাকবে।

তামিলনাড়ুতে সদ্য সরকার গঠন করেছে বিজয়ের টিভিকে। সে রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে টিভিকে একাই পেয়েছে ১০৮টি আসন। তবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা ছোঁয়ার জন্য বিজয়কে আরও কিছু দলের সঙ্গে হাত মেলাতে হয়েছে। ক্ষমতায় আসার পরেই এ বার তিনি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে দিলেন।

Advertisement
আরও পড়ুন