AI Impact Summit in New Delhi

নয়াদিল্লিতে এআই সম্মেলন শুরু হল! ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ বার্তা মোদীর, কোন কোন রাষ্ট্রপ্রধান আমন্ত্রিতের তালিকায়

সোমবার সকাল সাড়ে ৯টায় ভারত মণ্ডপমে এআই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন শুরু হওয়ার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি সর্বজন হিতায়, সর্বজন সুখায় (সকলের ভাল, সকলের সুখ)-এর বার্তা দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র প্রভাব নিয়ে পাঁচ দিনের সম্মেলন শুরু হল নয়াদিল্লিতে। সোমবার সকাল সাড়ে ৯টায় ভারত মণ্ডপমে এই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন শুরু হওয়ার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ (সকলের ভাল, সকলের সুখ)-এর বার্তা দিয়েছেন।

Advertisement

সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, “এআই নিয়ে আলোচনায় গোটা বিশ্ব সমবেত হয়েছে। আজ থেকে দিল্লির ভারত মণ্ডপমে ভারত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এর আয়োজন করছে। আমি রাষ্ট্রপ্রধান, শিল্পকর্তা, উদ্যোগপতি, নীতিনির্ধারক, গবেষকদের এই সম্মেলনে স্বাগত জানাচ্ছি।” একই সঙ্গে প্রধানমন্ত্রী লেখেন, “এই সম্মেলনের বিষয়বস্তু হল সর্বজন হিতায়, সর্বজন সুখায়। অর্থাৎ, সকলের ভাল। সকলের সুখ। এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষকেন্দ্রিক উন্নতিতে ব্যবহার করার বিষয়ে আমাদের যৌথ দায়বদ্ধতাকে তুলে ধরে।”

এই সম্মেলনের পোশাকি নাম ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। এই সম্মেলনে যোগ দেবেন গুগ্‌লের সুন্দর পিচাই, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান-সহ কমবেশি ৪০টি সংস্থার কর্তাব্যক্তিরা। যোগ দেবেন ২০টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিংবা শীর্ষস্থানীয় নেতারা। আগামী বৃহস্পতিবার এই সম্মেলনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলন চলাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং উদ্যোগপতিদের সঙ্গে বৈঠকও করবেন।

এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসেরও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই ২ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন। এঁদের মধ্যে অনেকেই কৃষক এবং অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষ।

বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে, মাক্রোঁ, লুলা ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এই সম্মেলনে যোগ দেবেন। তা ছাড়াও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ফিনল্যান্ড, বলিভিয়া, সার্বিয়া, স্পেন, ক্রোয়েশিয়া, মরিশাস, সংযুক্ত আরব আমিরশাহি, সুইৎজ়ারল্যান্ডের রাষ্ট্রপ্রধানেরা।

Advertisement
আরও পড়ুন