Spying For Pakistan

জইশের সঙ্গে যোগ! পাকিস্তানে হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত কথোপকথন, চরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে ধৃত মহিলা

এটিএস সূত্রে খবর, মহিলার গতিবিধি এবং ফোন ট্র্যাক করা শুরু হয়। পাকিস্তানের বেশ কয়েক জনের সঙ্গে ওই মহিলা নিয়মিত যোগাযোগ রাখছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১২:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জইশ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশ এবং পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে রাজস্থানের জয়পুর থেকে গ্রেফতার করা হল ববিতা ধাকড় নামে এক মহিলাকে। রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) গোপন সূত্রে খবর পায়, জয়পুর থেকে দেশবিরোধী কার্যকলাপ চলছে। সেই সূত্র ধরেই নজরদারি চালাচ্ছিল এটিএস। তখনই গঙ্গাপুর থেকে এই মহিলার হদিস পায় তারা।

Advertisement

এটিএস সূত্রে খবর, মহিলার গতিবিধি এবং ফোন ট্র্যাক করা শুরু হয়। পাকিস্তানের বেশ কয়েক জনের সঙ্গে ওই মহিলা নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তার পরই তল্লাশি চালিয়ে মহিলাকে গ্রেফতার করা হয় তাঁর গোপন আস্তানা থেকে। পুলিশ জানিয়েছে, জইশ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার বেশ কিছু প্রমাণ মিলেছে। পাক হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত কথোপকথন হত মহিলার। সমাজমাধ্যমেও যোগাযোগ রাখতেন। তদন্তকারীদের সন্দেহ, গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানে পাচার করেছেন মহিলা।

রাজস্থান এটিএসের পুলিশ সুপার মণীশ ত্রিপাঠী জানিয়েছেন, মহিলার ফোন থেকে বেশ কিছু নম্বর উদ্ধার হয়েছে যেগুলি পাকিস্তানের। হোয়াট্‌সঅ্যাপ এবং অন্য যোগাযোগকারী অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন ববিতা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহিলা দু’টি সিম ব্যবহার করতেন। বিদেশি নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাতেন। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জইশ জঙ্গি সংগঠনের বহু ছবি, পোস্ট মিলেছে বলে দাবি এটিএসের। শুধু পাকিস্তান নয়, অন্য দেশেও যোগাযোগ রাখার বেশ কিছু প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। মহিলাকে জেরা করে সব তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন