সবুজ থাকুক পাতে, তবে লোভনীয় খাবারের মোড়কে। ছবি:সংগৃহীত।
শাকসব্জি দেখলে বহু খুদেই নাক সিঁটকায়। তা ছাড়া, একঘেয়ে খাবার বড়দেরও কি ভাল লাগে? গরমের দিনে যেমন সবুজ গাছপালা স্বস্তিদায়ক মনে হয়, তেমনই পাত জুড়ে লোভনীয় খাবার যদি সবুজের মোড়কে আসে, দেখতে-খেতে দুটোই ভাল লাগতে পারে। কী ভাবে পছন্দের খাবার হবে শ্যামল বর্ণের?
লিফু রাইস
লিফু রাইস । ছবি: সংগৃহীত।
সবুজ রঙের ফ্রায়েড রাইসটি খেতে খানিক ভিন্ন। নুন জলে চাল সেদ্ধ করে ঠান্ডা করে রাখতে হবে। চাল যেন ঝরঝরে হয়। এবার কড়াইয়ে অল্প মাখন দিয়ে রসুনকুচি, পেঁয়াজপাতা, সুইট বেসিল (বিশেষ ধরনের হার্বস), সবুজ ক্যাপসিকাম, কাঁচালঙ্কা হালকা নাড়াচাড়া করে মিক্সারে ঘুরিয়ে সবুজ মিশ্রণ বানিয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে টুকরো করা মুরগির মাংসের টুকরো ও চিংড়ি মাছ ভেজে তুলে নিন। কড়াইয়ে দিন রসুনকুচি এবং মিহি করে কুচোনো পেঁয়াজ। দিন নুন। এবার সবুজ মিশ্রণটি দিয়ে হালকা কষিয়ে ভাত দিয়ে নাড়াচাড়া করে নিন। গোলমরিচ এবং লেবু পাতা ছড়িয়ে দিতে পারেন। সবুজ রাইস দেখতে যেমন ভিন্ন খেতেও সুস্বাদু।
থেচা চাউমিন
বানিয়ে ফেলুন থেচা চাউমিন। ছবি:সংগৃহীত।
নুড্লস, চাউমিন ছোটদের খুব প্রিয়। বড়রাও অনেকেই এই সব খেতে পছন্দ করেন। বানিয়ে ফেলুন থেচা চাউমিন। এটা যদিও একটু বেশি ঝাল হয়। শুকনো লঙ্কা, রসুন, চিনে বাদাম কড়াইয়ে হালকা নাড়াচাড়া করে নিন। তিন উপকরণের সঙ্গে অনেকটা ধনেপাতা দিয়ে মিক্সারে হালকা করে ঘুরিয়ে নিন। ছোটরা খেলে কাঁচালঙ্কা কমিয়ে ধনেপাতা বেশি দিন। চাউমিন বা নুড্লস রান্নার সময়ে এই সবুজ থেচা মশলা ব্যবহার করুন। নানা ধরনের সস্ এতে মেশানোর দরকার নেই, সে ক্ষেত্রে থেচার স্বাদ এবং গন্ধ নষ্ট হবে।
সবুজ লুচি
রং দিয়ে নয়, সব্জি দিয়ে বানাতে পারেন সবুজ রঙের লুচি। ছবি:সংগৃহীত।
পালং শাক অথবা কড়াইশুঁটি যেটা হাতের কাছে মিলছে সেটা ভাপিয়ে বেটে নিন। যোগ করুন একটু জিরে, আদা, অল্প কাঁচালঙ্কা। সমস্ত উপকরণ মিহি করে বেটে ফেলুন। ময়দা মাখার সময়ে ব্যবহার করুন এই সবুজ মিশ্রণ। ময়ান দিয়ে লুচির জন্য ময়দা মাখতে হবে ঠেসে ঠেসে। আধ ঘণ্টা তেল মাখিয়ে ময়দার তাল ঢাকা দিয়ে রাখুন। তার পরে লেচি কেটে লুচির মতো বেলে ছাঁকা তেলে ভেজে নিন। সাদার বদলে সবুজ লুচি খুদেরাও বেশ পছন্দ করবে।