Capsicum Buying Tips

কোনটি কাঁচা খাবেন, কোনটি রান্না করে? কিসে বেশি মিষ্টি? সঠিক ক্যাপসিকাম চেনার কৌশল জানুন

ক্যাপসিকামের ঠিক-বেঠিক বলে কিছু নেই। একটি বেশি মিষ্টি, একটি কম মিষ্টি। যখন আপনার যেমনটা চাহিদা, তেমনটাই বেছে নিতে পারেন বাজার থেকে। কী ভাবে আলাদা করবেন জেনে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২০:৩৬
ক্যাপসিকাম কেনার কৌশল জানেন?

ক্যাপসিকাম কেনার কৌশল জানেন? ছবি: সংগৃহীত।

কেউ কেউ বলেন, বাজার করা আসলে একটা শিল্প। খুঁটিয়ে দেখে এক একটি করে সব্জি বা মাছ পরখ করে তবেই সেরাটা বেছে নিতে হয়। আপনি শিল্পী হোন বা শিল্পের সংগ্রাহক, বাজার করা যে সত্যিই কঠিন, সে কথা স্বীকার করলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী নওহিদ সাইরাস। সদ্য তিনি ক্যাপসিকাম বাজার করতে শিখেছেন বলে দাবি করলেন। এত দিন কোনটি সঠিক সব্জি, তা তিনি জানতেন না। সে কথা জানিয়ে ইনস্টাগ্রামে ভিডিয়োও পোস্ট করলেন। তাতে জানা গেল, অনুরাগীদেরও অনেকে এই তথ্য জানতেন না। ফলে নিজে শিখে নওহিদ আসলে আরও অনেককেই শিখতে সাহায্য করলেন।

Advertisement
ক্যাপসিকাম চেনার একটিই সহজ উপায়।

ক্যাপসিকাম চেনার একটিই সহজ উপায়। ছবি: সংগৃহীত

সঠিক ক্যাপসিকাম তা হলে কী ভাবে চিনবেন?

প্রথমেই বলা ভাল, ক্যাপসিকামের ঠিক-বেঠিক বলে কিছু নেই। একটি বেশি মিষ্টি, একটি কম মিষ্টি। যখন আপনার যেমনটা চাহিদা, তেমনটাই বেছে নিতে পারেন বাজার থেকে। মিষ্টি ক্যাপসিকাম বেশি ব্যবহৃত হয় স্যালাডে আর কম মিষ্টির সব্জিটি রান্নার জন্য ব্যবহার করা হয়। বাজারে গিয়ে যে ক্যাপসিকাম হাতে তুলে নেবেন, দেখে নিতে হবে সেটির পিছনে ক’টি খাঁজ রয়েছে। যদি দেখা যায়, ক্যাপসিকামের পিছনে চারটি খাঁজ, সেটি মিষ্টি। যেটির পিছনে তিনটি খাঁজ, সেটি কম মিষ্টি।

ক্যাপসিকামের মিষ্টি স্বাদ যদিও কেবল খাঁজের উপর নির্ভর করে না। সব্জিটি কতখানি পেকেছে এবং তার মধ্যে প্রাকৃতিক চিনির ঘনত্ব কতটা, তার উপরেও নির্ভর করে। তবে চার খাঁজযুক্ত সব্জি বেশি মিষ্টি হওয়ার কারণ রয়েছে। ক্যাপসিকামগুলি বেশি রোদ পায় বলে এগুলির খোসা কিছুটা মোটা হয় এবং ভিতরে মিষ্টির পরিমাণ বেশি থাকে। এই হালকা মিষ্টি স্বাদের কারণেই এগুলো কাঁচা খাওয়ার বেশি উপযোগী।

অন্য দিকে, তিনটি খাঁজযুক্ত ক্যাপসিকাম তুলনামূলক ভাবে শক্ত এবং হালকা তেতো স্বাদের হয়। এগুলির গঠন বেশ পোক্ত হওয়ায় আগুনের তাপে সহজে গলে যায় না। তাই কম তেলে ভেজে নেওয়া বা গ্রিল করার মতো রান্নার ক্ষেত্রে এই ধরনের ক্যাপসিকামগুলি বেশি ভাল।

তবে দু’টিতেই ভরপুর ডায়েটারি ফাইবার, বিটা-ক্যারোটিন এবং ভিটামিন সি রয়েছে। খাঁজ নয়, তবে রঙের ক্ষেত্রে সামান্য তফাত হয় পুষ্টিগুণে। লাল ও হলুদ ক্যাপসিকামে যেমন তুলনামূলক ভাবে বেশি পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে এবং একটু বেশি মিষ্টি হয় সবুজের তুলনায়।

Advertisement
আরও পড়ুন