Acne Spots Removal Tips

ব্রণের দাগ সারামুখে? ৫টি টোটকা মেনে দেখুন, ব্যাক্টেরিয়া দমন করে প্রদাহ কমাতে পারে কৌশলগুলি

ব্রণ খুঁটলে, প্রদাহ বেশি হলে, মেলানিন বৃদ্ধি পেলে এই ছোপ সহজে উঠতে চায় না। ফলে মুখভর্তি ব্রণের দাগ চেহারার সঙ্গী হয়ে ওঠে। তারই নিরাময়ে ঘরোয়া উপায়ের উপর ভরসা করতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৫:২০
ব্রণের দাগ দূর করার উপায়।

ব্রণের দাগ দূর করার উপায়। ছবি: সংগৃহীত।

ঋতুবদলের সময়ে ব্রণের সমস্যা বাড়ে। ব্রণের নীচের টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দাগ তৈরি হয় মুখে। ব্রণ খুঁটলে, প্রদাহ বেশি হলে, মেলানিন বৃদ্ধি পেলে এই ছোপ সহজে উঠতে চায় না। ফলে মুখভর্তি ব্রণের দাগ চেহারার সঙ্গী হয়ে ওঠে। তারই নিরাময়ের আশায় বাজারে নানা ধরনের প্রসাধনী এবং চিকিৎসা পদ্ধতির দ্বারস্থ হন অনেকে। কারও ক্ষেত্রে সেগুলি কার্যকর হয়, কারও ক্ষেত্রে হয় না। তখন ঘরোয়া উপায়ের উপর ভরসা করতে পারেন।

Advertisement

ব্রণের দাগ দূর করার ৫ টোটকা দেওয়া হল, আপনার জন্য কোনটি নিরাপদ, তা জেনে নিন পরখ করে

টি ট্রি অয়েল

ব্রণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে টি ট্রি অয়েল। ত্বকের প্রদাহও কমাতে সাহায্য করে কখনওসখনও। তবে সরাসরি ব্যবহার না করে মাস্ক বানিয়ে ব্যবহার করা উচিত, নয়তো স্পর্শকাতর ত্বকে জ্বালা হতে পারে। তাই রোজের ফেসওয়াশে এক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিতে পারেন। তা ছাড়া হোহোবা অয়েল বা নারকেল তেলে ৪-৮ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। ব্রণের দাগগুলির উপর এই মিশ্রণ লাগিয়ে রেখে দিতে হবে।

অ্যাপল সাইডার ভিনিগার

ব্যাক্টেরিয়া দমন করে ব্রণ কমানো এবং ব্রণের দাগ দূর করার ক্ষমতা রয়েছে অ্যাপল সাইডার ভিনিগারের। কিন্তু মাথায় রাখতে হবে, ভুল ভাবে প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে। অ্যাপল সাইডার ভিনিগার প্রাকৃতিক ভাবে অ্যাসিডিক। অতিরিক্ত ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে। জ্বালা ভাব, লালচে ভাব এবং শুষ্কতা দেখা দিতে পারে। তাই ২ কাপ জলের সঙ্গে আধ কাপ ভিনিগার মিশিয়ে তুলো দিয়ে ক্ষতিগ্রস্ত জায়গাগুলিতে মেখে রাখতে হবে।

গ্রিন টি

এই চায়ের শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। অনেকেই ঠান্ডা করা গ্রিন টি তুলোয় ভিজিয়ে মুখে ব্যবহার করেন। কেউ বা গ্রিন টি-র ব্যাগ ভিজিয়ে ব্রণের উপর বসিয়ে রাখেন। যদিও এটি ব্রণের স্থায়ী সমাধান নয়, তবে ত্বকের প্রদাহ কমিয়ে খানিক আরামদায়ক অনুভূতি দিতে পারে। তা ছাড়া ব্যাক্টেরিয়ার সঙ্গে মোকাবিলা করতে চেষ্টা করতে পারে।

বরফজল

লালচে ত্বক, জ্বালাপোড়ার সমস্যা থেকে ব্রণ বৃদ্ধি পায়। তাই এমন ত্বকের প্রদাহ কমানোর জন্য বরফজলে মুখ ডোবালে উপকার মিলতে পারে। রক্তনালিগুলি সঙ্কুচিত করে, রোমকূপও টানটান দেখায়। ব্রণ কম স্পষ্ট হয় এবং এর ফলে দাগও দূর হয় মুখ থেকে।

ডিম ও মধু

ডিমের সাদা অংশ রোমকূপ সঙ্কুচিত করে আর মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ। রোমকূপ সঙ্কচোন এবং ব্যাক্টেরিয়া দমন, দু’টি কাজ একই সঙ্গে হতে পারে এই মাস্কের দৌলতে। ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে ব্রণের উপর লাগাতে হবে। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে জল দিয়ে।

Advertisement
আরও পড়ুন