ছবি: সংগৃহীত।
চুলের স্বাস্থ্যোজ্জ্বল ভাব ফেরানো, চুল পড়া কমানো বা চুলের দ্রুত বৃদ্ধি জন্য দরকার হয় নির্দিষ্ট কিছু ভিটামিন। কিন্তু ঠিক কোন কোন ভিটামিন, শরীরে গেলে চুল প্রয়োজনীয় পুষ্টি পাবে জানেন কি? এ ব্যাপারে চারটি ভিটামিন বেশ গুরুত্বপূর্ণ। চুলের স্বাস্থ্য ফেরাতে সেই সব ভিটামিনের নাম জানা যেমন জরুরি। তেমনই তা কোন কোন খাবারে পাওয়া যাবে, তা জানাও জরুরি।
সাধারণ শ্যাম্পু, তেল, সিরামে এমন ভিটামিনের নাম লিখে বিজ্ঞাপন করলেও তাতে সেই পুষ্টি থাকে নামমাত্র। আদতে চুলের প্রয়োজনীয় পুষ্টির জোগান পেতে দরকার হয় খাবারেরই। তাই চুলের জন্য পরিচিত এবং দৈনন্দিন খাবারেই লুকিয়ে আছে চুলের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এসব উপাদান।
১. ভিটামিন এ
এটি মাথার ত্বকে ‘সিবাম’ তৈরিতে সাহায্য করে, যা চুলকে আর্দ্র রাখে এবং ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। রাঙা আলু, গাজর, কুমড়ো, পালং শাক এবং ডিমের কুসুমে এই ভিটামিন পাওয়া যায়।
২. ভিটামিন বি বা বায়োটিন
চুলের বৃদ্ধির জন্য বায়োটিন সবচেয়ে জরুরি। এটি লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, যা মাথার ত্বকে অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছে দিতে সাহায্য করে। ডিম, বাদাম (কাঠবাদাম, আখরোট), ফুলকপি এবং ওটসে এই ভিটামিন মিলবে।
৩. ভিটামিন সি
এটি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ফ্রি-র্যাডিক্যালের ক্ষতি থেকে চুলকে রক্ষা করে। এছাড়াও, এটি আয়রন শোষণে এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের পুষ্টির জন্য অত্যন্ত জরুরি। আমলকী, লেবু, পেয়ারা, কমলালেবু এবং স্ট্রবেরিতে থাকে ভিটামিন সি।
৪. ভিটামিন ই
ভিটামিন ই-ও একটি প্রভাবশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের গোড়া মজবুত করে। এই পুষ্টি মিলবে সূর্যমুখীর বীজ, কাঠবাদাম, পালং শাক এবং অ্যাভোকাডোতে।