গোড়ালি ফাটার সমস্যা কমবে, জেনে নিন কিছু ঘরোয়া উপায়। ছবি: এআই সহায়তায় প্রণীত।
গোড়ালি ফাটার সমস্যায় অনেকেই নাজেহাল। শীতে তো বটেই, গরমেও পা ফাটার সমস্যা দেখা যায় অনেকেরই। পায়ের যত্নের অভাব এবং কম পুষ্টির কারণে এই সমস্যা হয়। সুন্দর করে সাজগোজ করলেন, কিন্তু পায়ে কালচে ছোপ বা ফাটা গোড়ালি পুরো সাজটাই মাটি করে দিতে পারে। খালি পায়ে হাঁটতে হলে বা জুতো খুলে বসার সময়ে লজ্জায় পরতে হয়। ত্বক চিকিৎসকেরা বলছেন, গরমে শুষ্কতার কারণে পায়ের গোড়ালি ফাটারও সমস্যা দেখা যায়। অনেক সময় অত্যধিক সাবান ব্যবহারের ফলেও কিন্তু হাত বা পায়ের ত্বক শুষ্ক হয়ে যায়।
কী ভাবে যত্ন নেবেন?
গ্লিসারিন ও গোলাপ জল
সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে নিন। সঙ্গে লেবুর রস যোগ করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি পায়ে লাগিয়ে মোজা পরে থাকুন। সকালে দেখবেন পা নরম ও মসৃণ হয়ে গিয়েছে।
পেট্রোলিয়াম জেলি খুব কার্যকরী
উষ্ণ গরম জলে পায়ের পাতা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। তার পরে পা শুকনো করে মুছে ভাল করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। রাতে ঘুমনোর আগে পায়ে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিলে, সকালে দেখবেন পায়ের ত্বক অনেক নরম হয়েছে।
কলার মাস্ক
বাড়িতে পাকা কলা, মধু আর এক চামচ ওট্স মিশিয়ে মাস্ক বানিয়েও লাগাতে পারেন। এতে যেমন গোড়ালি কোমল হবে, তেমনই পায়ের ব্যথাও দূর হয়ে যাবে। এই মাস্ক লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। এতে পায়ে রক্ত সঞ্চালন ভাল হবে। তবে এই মাস্ক কিন্তু ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে ভুলবেন না।