Best Look of Last Week

এ সপ্তাহে একাই মাতালেন কাজল! ৫১ বছর বয়সে সাজের নতুন পাঠ পড়ালেন নায়িকা

প্রতিনিয়তই তারকাদের সাজগোজে নজর থাকে আনন্দবাজার ডট কম-এর। তার মধ্যে থেকেই সপ্তাহের সেরা সাজটিকে বেছে নিয়ে তুলে ধরা হয় পাঠকদের কাছে। কিন্তু এ সপ্তাহের সেরা সাজ বাছতে গিয়ে কাজল ছাড়া আর কেউ চোখই টানলেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১০:২২

ছবি: সংগৃহীত।

তিনি বলিউডের পঞ্চাশোর্ধ্ব অভিনেত্রী। চেহারা ভারী হয়েছে। দুই সন্তান (একজন ১৫ অন্য জন ২২)-কে মানুষ করা, সংসার সামলানোর অভিজ্ঞতা ফুটে উঠেছে চোখেমুখে। কিন্তু তার পরেও সাজের ব্যাপারে তাঁর ক্লান্তি নেই। বরং যত দিন যাচ্ছে ততই ‘স্টাইল আইকন’ হয়ে উঠছেন কাজল।

Advertisement

প্রতি নিয়তই তারকাদের সাজগোজে নজর থাকে আনন্দবাজার ডট কম-এর। তার মধ্যে থেকেই সপ্তাহের সেরা সাজটিকে বেছে নিয়ে তুলে ধরা হয় পাঠকদের কাছে। কিন্তু এ সপ্তাহের সেরা সাজ বাছতে গিয়ে কাজল ছাড়া আর কেউ চোখই টানলেন না।

এমন নয় যে বাকিরা ভাল সাজেননি। কিন্তু কাজলের পোশাক, তা পরার ধরন, হাসি, দৃষ্টিক্ষেপ, চলন-বলন— সবটা জুড়ে এমন ভাবে মিশে রইল তাঁর সাজে যে, মনে হল সাজ নয় তিনি যেন গায়ে নিজেরই একটি সুসজ্জিত আবরণ পরে রয়েছেন। আর এমনটা এক বার হল না। হল বারবার। পুরষ্কার বিতরণের অনুষ্ঠান হোক বা অম্বানীদের সংস্থার বর্ষবরণের অনুষ্ঠান। যেখানেই কাজল উপস্থিত হলেন, সবটুকু আলো টেনে নিলেন নিজের দিকে। বুঝিয়ে দিলেন সাজলে কী ভাবে সাজতে হয়।

কালো শাড়ি গাউনের জমকালো ব্লাউজ়

দেখে মনে হচ্ছিল, কালো শাড়ি আর কালো ব্লাউজ়ের সঙ্গে রাশি রাশি হার পরেছেন। কিন্তু আসলে তা নয়। কাজল শাড়িই পরেননি। পরেছেন শাড়ি গাউন, দেখতে খানিকটা শাড়ির মতো, আঁচলও আছে। কিন্তু শাড়ি নয়। শাড়ির সঙ্গে জুড়ে থাকা গলাবন্ধ ব্লাউজ়টিই এই শাড়ির একমাত্র আকর্ষণ। হাতাহীন। কালো চওড়া বর্ডার ঈষৎ চওড়া চেহারাকেও রোগা দেখাচ্ছে। ব্লাউজ়ে অজস্র সোনালি উজ্জ্বল বিডসের কাজ হারের মতো ছড়িয়ে থাকা এক ধাক্কায় রাজকীয় মেজাজ দিয়েছে পোশাকটিকে। কাজলও বাড়তি সাজেননি। কানে দুল, হাতে, ঘড়ি, রিস্টলেট পরেননি কিছুই। শুধুই কয়েকটি আংটি আর ছেড়ে রেখেছেন ঢেউ খেলানো চুল। সঙ্গে মাননসই অনুজ্জ্বল মেকআপ। তাতেই তার থেকে চোখ ফেরানো যাচ্ছে না।

ওভারসাইজ় প্যান্টস্যুট

অম্বানীদের বর্ষবরণের পার্টিতে কাজলের সাজ ছিল ঠিক উল্টো মেরুর। শাড়ি থেকে শত হস্ত দূরে তিনি বেছে নিয়েছেন এমন পোশাক, যা পড়লে শরীরের আদল নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। ঢিলে ঢালা প্যান্ট, ঢিলে ঢালা জ্যাকেট এর সঙ্গে কাজল পরেছেন একটি সাদা ভেস্ট। ওভারসাইজড ওই প্যান্টস্যুটে কাজল বুঝিয়ে দিলেন— স্টাইল মানে কেবল শরীরের আদল স্পষ্ট করা নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনও কাট বহন করাও। তবে এই সাজের শো স্টপার নিঃসন্দেহে ছিল অভিনেত্রীর গলার চওড়া মেটালিক স্টেটমেন্ট হার।

কেন কাজলের সাজ সেরা?

সব মিলিয়ে কাজলের সাজ এক নিঃশব্দ উদযাপনের গল্প বলেছে। যে গল্প নিজের বয়সের সঙ্গে লড়াই করার নয়, বরং নিজের বদলে যাওয়া শরীরের সঙ্গে সখ্য তৈরির। কাজল দেখিয়ে দিয়েছেন, পঞ্চাশে পৌঁছেও নিজেকে নতুন করে আবিষ্কার করা যায়। যে কোনও পোশাকেই সবার নজর নিজের দিকে টেনে নেওয়া যায়, যদি সঙ্গী হয় আত্মবিশ্বাস।

কী শেখা গেল?

১। রোগা বা মোটা চেহারা বা বয়সের ভার কোনও সমস্যাই নয় যদি নিজেকে সাজাতে জানেন।

২। সাজে যে কোনও একটি জিনিষই জমকালো হওয়া যথেষ্ট।

৩। ভাল সাজার জন্য চেষ্টার থেকেও বেশি জরুরি স্বাচ্ছন্দ্য আর আত্মবিশ্বাস।

Advertisement
আরও পড়ুন