Skincare Hacks

চোখের তলায় বলিরেখা? বাজারের আন্ডার আই ক্রিম নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন মাত্র ৩টি উপকরণ দিয়ে

চোখের তলায় ফোলা ভাব, বলিরেখা দেখা দিলে বয়স্ক দেখায়। বিভিন্ন বাজারচলতি আন্ডারআই ক্রিম ব্যবহার করলে অনেক সময়েই তা বিশেষ লাভজনক হয় না। বাড়িতেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক উপায় তৈরি আন্ডারআই ক্রিম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৯:১১
চোখের তলার কালি থেকে মুক্তি পাওয়ার চটজলদি উপায়।

চোখের তলার কালি থেকে মুক্তি পাওয়ার চটজলদি উপায়। ছবি: সংগৃহীত।

বয়স ৪০ পেরোলেই ছাপ পড়তে থাকে ত্বকে। কাজের চাপ ও খাওয়াদাওয়ার অনিয়মের সঙ্গে স্বাভাবিক ভাবে বয়স বাড়তে থাকলে তার ছাপ দেখা যায় চোখের চারপাশে। ফোলা ভাব, বলিরেখা দেখা দিলে বয়স্ক দেখায়। বিভিন্ন বাজারচলতি আন্ডারআই ক্রিম ব্যবহার করলে অনেক সময়েই তা বিশেষ লাভজনক হয় না। বাড়িতেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক উপায় তৈরি আন্ডারআই ক্রিম। বলিরেখা জনিত সমস্যার সমাধান হবে।

Advertisement

কেন চোখের কোলে বলিরেখা দেখা দেয়?

১। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কিছু পরিবর্তন হয়। কোষ বিভাজন ধীর গতিতে হতে থাকে। ফলে ত্বকের উপরের স্তর পাতলা হয়ে আসে।

২। ত্বকের সবচেয়ে গভীরের স্তর ঝুলে পড়ায় অন্য স্তরের উপরেও তার প্রভাব পড়ে।

৩। তৈলগ্রন্থি শুকিয়ে যেতে থাকে। ফলে ত্বক প্রয়োজনীয় তেল পায় না।

কী ভাবে ঠিক করবেন এই সমস্যা?

বলিরেখার মোকাবিলা করতে হলে প্রথমেই বাদ দিতে হবে সেই সব বদভ্যাস, যার কারণে বলিরেখা পড়ে। যদি সব সময়েই চোখের কোল ফোলা দেখায় তা হলে ডায়েটের দিকে নজর দিতে হবে। ত্বকে স্বাস্থ্যকর তেল লাগানোর পাশাপাশি ডায়েটে রাখতে হবে অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার।

কী কী লাগবে আন্ডার আই ক্রিম বানাতে

১। ভিটানিমন ই ক্যাপসুল: ২টি (ত্বকে পুষ্টি জোগায়)

২। থাইম এসেনশিয়াল অয়েল: ২ ফোঁটা (কার্যকর অ্যান্টিঅক্সিড্যান্ট)

৩। নারকেল তেল: ১ চা চামচ (ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে)

কী ভাবে লাগাবেন

তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। চোখের চারপাশে দু’হাতের অনামিকা দিয়ে ঘড়ির কাঁটার দিকে মাসাজ করুন। খেয়াল রাখবেন, যেন চোখে ঢুকে না যায়। ভেজা পেপার টাওয়েল দিয়ে আলতো মুছে নিন। ঘুমোতে যাওয়ার ১-২ ঘণ্টা আগে মাখুন রোজ। বলিরেখার পাশাপাশি চোখের তলার কালি থেকেও মুক্তি পাবেন।

Advertisement
আরও পড়ুন