Share Market

ছন্দে ফিরছে বাজার, মূল্যবৃদ্ধিও কমার ইঙ্গিত, তবু চিন্তা সিঁদুরে মেঘ

যাঁরা ঝুঁকে পড়া বাজারে ফান্ডের এসআইপি চালিয়ে গিয়েছেন, তারা উঠতি বাজারে সুফল পাবেন। জুনে এখনও পর্যন্ত ভারত সরকারের ঋণপত্রে (বন্ড) বিদেশি লগ্নি সংস্থাগুলি ঢেলেছে ৩৯,৬৪০ কোটি টাকা।

অমিতাভ গুহ সরকার
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৫:৫৬

—প্রতীকী চিত্র।

যুদ্ধ শেষ হওয়ায় ছন্দে ফিরছে ভারতীয় অর্থনীতি। হরমুজ় প্রণালী খোলায় আটকে থাকা জাহাজগুলি দেশে ফিরতে শুরু করেছে। এরই মধ্যে অনেকটা কমেছে অশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম। এক সময় তা ব্যারেল পিছু ১২০ ডলারে উঠলেও, এখন নেমেছে প্রায় ৭২ ডলারে। স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহও। তেল-গ্যাসের দাম অস্বাভাবিক বাড়ায় মূল্যবৃদ্ধির হার চড়ার আশঙ্কা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে তা হয়তো হবে না। তাই সুদ বাড়ানোর ব্যাপারে রিজ়ার্ভ ব্যাঙ্কের কোনও তাড়া নেই। আবহ ভাল হওয়ায় প্রাণ ফিরছে শেয়ার বাজারে। কিছুটা স্বস্তি অনুভব করছেন শেয়ার এবং ফান্ডের লগ্নিকারীরা।

যাঁরা ঝুঁকে পড়া বাজারে ফান্ডের এসআইপি চালিয়ে গিয়েছেন, তারা উঠতি বাজারে সুফল পাবেন। জুনে এখনও পর্যন্ত ভারত সরকারের ঋণপত্রে (বন্ড) বিদেশি লগ্নি সংস্থাগুলি ঢেলেছে ৩৯,৬৪০ কোটি টাকা। তারা ফিরছে এ দেশের শেয়ার বাজারেও। সব মিলিয়ে এক ভাল লাগার পরিবেশ তৈরি হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা কমায় সোনা-রুপোর দামে কিছুটা সংশোধন হয়েছে। তবে এই দুই ধাতুর বিশেষজ্ঞদের মতে, একটু বড় মেয়াদে এরা ফের মাথা তুলবে।

পরিস্থিতি দেখে এখন মনে হচ্ছে না রিজ়ার্ভ ব্যাঙ্ক অগস্টের ঋণনীতিতে সুদ বাড়ানোর পথে হাঁটবে। শিল্প এবং ব্যক্তিগত ঋণগ্রহীতাদের জন্য সেটা ভাল। ঋণে সুদ না বাড়লে, জমাতেও বাড়বে না। তবে ব্যাঙ্ক এবং অন্যত্র জমায় এখন যে সুদ মিলছে, তা মন্দ নয়। আমানত টানতে ছোট মাপের কিছু ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি সুদ আরও বাড়িয়েছে। যেমন, বন্ধন ব্যাঙ্ক প্রবীণদের জন্য সুদের সর্বাধিক হার বাড়িয়ে ৭.৯৫% করেছে। বড় মাপের প্রথম সারির ব্যাঙ্কগুলিও বয়স্কদের দিচ্ছে ৭%-৭.১%।

আজ-কালের মধ্যে জানা যাবে জুলাই-সেপ্টেম্বরের জন্য এনএসসি, পিপিএফ, এমআইএস-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদ। রিজ়ার্ভ ব্যাঙ্ক সুদ না বাড়ানোয় তাতে হয়তো কোনও হেরফের হবে না। সর্বত্র সুদ কমার সময়েও হয়নি। যে কারণে এখনও সুদের হার আকর্ষণীয়। যেমন, প্রবীণদের ‘সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম’-এ মেলে ৮.২%। যা সুরক্ষিত জমা প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক। পাঁচ বছর মেয়াদে ৩০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়। পরিবর্তনশীল সুদযুক্ত ভারত সরকারের বন্ডে সুদ ৮.০৫%। এখানে সব ভারতীয় নাগরিক টাকা রাখতে পারেন। জমার কোনও ঊর্ধ্বসীমাও নেই।

অচিরেই শুরু হবে সংস্থাগুলির এপ্রিল-জুনের আর্থিক ফল প্রকাশ। এই ফল এবং বর্ষাই বাজারের দিক নির্ধারণ করবে। ১২ জুলাই জানা যাবে জুনের মূল্যবৃদ্ধির হার। তবে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আমেরিকা-ইরানের সমঝোতা হলেও মাঝে মাঝে তার তাল কাটছে। এই ব্যাপারে পাকা চুক্তি না হওয়া পর্যন্ত কিছুটা সংশয়থেকেই যাবে।

(মতামত ব্যক্তিগত)

আরও পড়ুন