Skin Care Tips

রোদে পুড়ে কালচে দাগছোপ পড়ছে সারা মুখে, তা তোলার উপায় আছে, ঘরেই বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক

রোদে পোড়া দাগ বা সানট্যান তোলা সহজ নয়। এর জন্য পার্লারে নানা রকম ‘ডি-ট্যান’ ফেসপ্যাক দিয়ে ফেশিয়াল করানো হয়। কিন্তু দাগছোপ তোলার উপায় হেঁশেলেই রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৮:৩৬
রোদে পোড়া দাগ তোলার উপায় কী, কোন কোন ফেসপ্যাক ঘরেই বানিয়ে নিতে পারেন?

রোদে পোড়া দাগ তোলার উপায় কী, কোন কোন ফেসপ্যাক ঘরেই বানিয়ে নিতে পারেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

যতই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকুন না কেন, বাইরে বেরোলেই রোদের তাপ লাগবে। বাড়িতে থাকলেও এক-দু’বার হেঁশেলে ঢুকতে হবে। সেই গরম তাপ লেগে ত্বকের হাল খারাপ হতেই পারে। কাজ থেকে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে সঠিক ভাবে ত্বকের যত্ন না নিলে বয়সের সঙ্গে সঙ্গে মুখে কালচে দাগছোপ পড়ে। রোদে পুড়ে কালচে দাগছোপ পড়লে, তা তোলার উপায় আছে। পার্লারে না গিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন কিছু ফেসপ্যাক।

Advertisement

শসা-লেবুর প্যাক

শশা ও লেবু দু'টিই ত্বক ব্লিচ করার জন্য ভাল। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শশার রস, এক টেবিল চামচ লেবুর রস, ও এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। যখনই রোদে বেরোবেন বাড়ি ফিরে এই প্যাকটি মাখতে পারেন।

মুসুর ডাল, কাঁচা হলুদ ও দুধের প্যাক

২ চামচ মুসুর ডাল বাটা, ৩ চা চামচ দুধ এবং এক চিমটি কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিতে হবে। সব উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে এলে হালকা হাতে বৃত্তাকারে মালিশ করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

আলু ও লেবুর রসের প্যাক

একটি গোটা আলু কুরে তার থেকে রস বার করে নিন। এর সঙ্গে এক চামচ পাতিলেবুর রস মেশান। এই মিশ্রণ তুলোয় করে নিয়ে ট্যান পড়া জায়গায় লাগিয়ে রাখুন ২০ মিনিট। তার পর ঠান্ডা জলে হাত ধুয়ে নিন।

Advertisement
আরও পড়ুন