Face Serum Recipes

গরমে ত্বক আর্দ্র থাকবে, জেল্লাও বাড়বে, ঘরে তৈরি করে নিন দোকানের মতো সিরাম

বাজারচলতি পণ্যে রাসায়নিকের মাত্রা বেশি। তাই মুখের জন্য সিরাম বানিয়ে নিন বাড়িতেই। ত্বক যেমনই হোক, ঘরে তৈরি সিরাম অনেক বেশি নিরাপদ। কী ভাবে বানাতে হবে রইল কিছু প্রণালী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৭:৫০
Homemade Face Serums for a Radiant Summer Glow

দোকানের মতো সিরাম তৈরির কিছু রেসিপি রইল। ছবি: ফ্রিপিক।

গরমের দিনে ত্বক জেল্লা হারিয়ে ফেলে খুব তাড়াতাড়ি। তাই ত্বককে সতেজ ও আর্দ্র রাখতে অনেকেই সিরাম ব্যবহার করেন। বাজারচলতি পণ্যে রাসায়নিকের মাত্রা বেশি। কেনা সিরামে প্রচুর পরিমাণে মেশানো হয় প্যারাবেন, কৃত্রিম সুগন্ধি ও অ্যালকোহল যা ত্বকের জন্য ক্ষতিকর। যা গরমের সংবেদনশীল ত্বককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। ঘরে তৈরি সিরামে এ সবের ভয় থাকে না।

Advertisement

ঘরে কী ভাবে সিরাম বানাবেন?

হাইড্রেটিং অ্যালো ভেরা-গোলাপ জলের সিরাম

২ চামচ তাজা অ্যালো ভেরা জেল, ২ চামচ গোলাপ জল, ১টি ভিটামিন-ই ক্যাপসুল নিয়ে নিন। সব উপাদান একসঙ্গে খুব ভাল করে ফেটিয়ে নিন যাতে ক্রিমের মতো হয় সেটি। রাতে ঘুমোনোর আগে মুখ পরিষ্কার করে কয়েক ফোঁটা সিরাম নিয়ে মালিশ করুন। নিয়মিত করলে ত্বক আর্দ্র হবে এবং উজ্জ্বল হয়ে উঠবে।

লবঙ্গের সিরাম

এক কাপ জলে ৮-১০টি লবঙ্গ আঁচ কমিয়ে ফুটিয়ে নিন মিনিট দশেকের মতো। জল ঠান্ডা হলে ছেঁকে নিন। লবঙ্গের নির্যাস এবং গুণ ওই জলেই মিশে যাবে। এ বার একটি পাত্রে ১ চামচ অ্যালো ভেরা জেল, ১ চামচ গ্লিসারিন এবং ১ মচ গোলাপজল মিশিয়ে নিন। এর সঙ্গে লবঙ্গ ফোটানো জল খুব ভাল করে মিশিয়ে নিন। চাইলে এতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশাতে পারেন। এ বার তাতে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুলের মধ্যস্থ তরল। সমস্ত উপকরণ মিশিয়ে কাচের ছোট শিশিতে ভরে নিন।

গ্রিন টি ও শসার কুলিং সিরাম

শসা ত্বক ঠাণ্ডা করে এবং গ্রিন টি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ব্রণর সমস্যা দূর করে। এই সিরাম বানাতে আগে এক কাপ গ্রিন টি বানিয়ে নিন। তার পর সেটি ঠান্ডা করে ছেঁকে নিন। এর সঙ্গে অর্ধেকটা শসার রস মেশাতে হবে। সুগন্ধের জন্য গোলাপ জল মেশাতে পারেন। তার পর মিশ্রণটি কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। একবার তৈরি করলে সাত দিন অবধি ব্যবহার করা যাবে।

Advertisement
আরও পড়ুন