চোখের তলার ফোলাভাব নিমেষেই কমাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
চোখের নীচে কালো দাগ বা ফোলা ভাব খুবই বিরক্তিকর। সকালে ঘুম থেকে উঠে হয়তো দেখলেন চোখের নীচের অংশ ভীষণ ভাবে ফুলে গিয়েছে, অথবা গোটা চোখেই কেমন ফোলা ফোলা ভাব। কখনও কখনও রাতভর পার্টি করে দেদার মদ্যপান করে আসার পরেও এমন ফোলা চোখ হওয়া আশ্চর্যের নয়। কিংবা রাত জেগে অফিসের কাজ, টিভি দেখা বা অন্ধকার ঘরে মোবাইলের আলো একটানা চোখে পড়লেও এমন হতে পারে। তবে ঘুম থেকে উঠেই যদি কোথাও বেরিয়ে পড়তে হয় তখন চোখের তলার এই ফোলাভাব নিয়ে বেশ বিপাকেই পড়তে হয়। মেকআপ দিয়েও এই ফোলাভাব ঢাকা মুশকিল। তা হলে উপায়?
অনেকের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু রোজের। ঘুম থেকে ওঠার পর চোখের চারপাশটা ফোলা দেখায়। এই সমস্যা দূর করতে বাড়িতেই বানিয়ে রাখুন আইস কিউব। না, শুধু ফ্রিজ থেকে বরফ বার করে ঘষলে হবে না। এর জন্য চাই চারটি উপকরণ।
ভেজানো চিয়াবীজ, শসাকুচি, পুদিনাপাতা কুচি আর গোলাপজল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এ বার মিশ্রণটি বরফের ট্রেতে ভরে সারা রাত রেখে দিন। এ বার চিয়া বীজ দিয়ে বানানো আইস কিউব দিয়ে রোজ সকালে চোখের চারপাশটা মিনিট দুয়েক ধরে মালিশ করুন। রোজের এই অভ্যাস চোখের তলার ফোলাভাব নিমেষে কমিয়ে দিতে সাহায্য করবে।