ব্রকোলি কী ভাবে ত্বকের জেল্লা ফিরিয়ে আনে? ছবি: সংগৃহীত।
উজ্জ্বল, মসৃণ ও স্বাস্থ্যবান ত্বক পেতে অনেকেই নানা ধরনের প্রসাধনী, ফেস প্যাক কিংবা ট্রিটমেন্টের উপর নির্ভর করেন। কিন্তু ত্বকের যত্ন শুধু বাইরে থেকে নয়, ভিতর থেকেও নিতে হয়। আর সেই কারণেই পুষ্টিবিদেরা বার বার খাওয়াদাওয়ার অভ্যাস নিয়ে সতর্ক হতে বলছেন। অতিপ্রক্রিয়াজাত, চিনিযুক্ত খাবার যত বেশি খাওয়া হয়, ততই তার ছাপ পড়ে ত্বকে।
সাম্প্রতিক সময়ে ব্রকোলিকে ঘিরে একটি প্রশ্ন বেশ আলোচনায় এসেছে সমাজমাধ্যমে— এই সব্জিটি কি ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে পারে? ব্রকোলি কোনও জাদুকরি খাবার না হলেও এর মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা ত্বকের জন্য উপকারী হতে পারে।
ত্বকে বার্ধক্যের ছাপ? কী ভাবে সাহায্য করবে ব্রকোলি? ছবি: সংগৃহীত
ভিটামিন সি-র উৎস
ব্রকোলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন শরীরে কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলাজেন হল এমন একটি প্রোটিন, যা ত্বককে টানটান রাখতে, চামড়া ঝুলে পড়া রুখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেনের পরিমাণ কমতে থাকে। তাই পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তা ছাড়া এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই এবং কে। এই উপাদানগুলিও ত্বকের জন্য খুব কার্যকরী।
অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর
ব্রকোলিতে বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। এই উপাদানগুলি শরীরে ফ্রি র্যাডিকালের ক্ষতিকর প্রভাব বা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে। নয়তো এগুলি ত্বকের অকালবার্ধক্য, নিস্তেজ ভাব এবং বিভিন্ন ক্ষতির সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। অ্যান্টি-অক্সিড্যান্টসমৃদ্ধ খাবার দীর্ঘ মেয়াদে ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করতে পারে।
প্রদাহ কমাতে
ত্বকের অনেক সমস্যার সঙ্গে শরীরের প্রদাহের সম্পর্ক রয়েছে। ব্রকোলিতে থাকা কিছু উদ্ভিজ্জ যৌগ প্রদাহ কমাতে সাহায্য করতে পারে বলে গবেষণায় ইঙ্গিত মিলেছে। ফলে ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের উপর এর ভাল প্রভাব পড়তে পারে।
সূর্যের ক্ষতি থেকে সুরক্ষা
ব্রকোলিতে থাকা কিছু জৈব সক্রিয় উপাদান ত্বককে অতিবেগনি রশ্মির ক্ষতির বিরুদ্ধে কিছুটা সুরক্ষা দিতে সাহায্য করতে পারে। তবে এর অর্থ এই নয় যে, সানস্ক্রিনের প্রয়োজন নেই। সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে।
জলীয় ভারসাম্য
ব্রকোলিতে জলের পরিমাণও যথেষ্ট বেশি। পাশাপাশি এতে রয়েছে বিভিন্ন ভিটামিন ও খনিজ। সুষম আহারের অংশ হিসাবে এটি শরীরের সামগ্রিক পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করতে পারে, যার প্রভাব ত্বকেও পড়তে পারে। ত্বকের জলীয় ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।
ত্বকের জন্য ব্রকোলি কী ভাবে খাবেন?
· অল্প ভাপিয়ে
· স্যুপে মিশিয়ে
· স্যালাডে দিয়ে
· অন্যান্য সব্জি দিয়ে তরকারি বানিয়ে
· তেলে হালকা সাঁতলে নিয়ে