কানের প্রথম দিনে কোন পোশাকশিল্পীর পোশাকে সাজলেন আলিয়া? ছবি: সংগৃহীত।
৭৯তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। এ বছরেও আলিয়া কানে যাবেন, এ খবর ইতিমধ্যেই ফ্যাশন দুনিয়ায় চাউর হয়েছিল। খবর ছড়িয়ে পড়া মাত্রই আলিয়া কান চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিনে কোন পোশাকে নজর কাড়বেন, তা নিয়ে কৌতূহল ছিল ফ্যাশনিস্তাদের মনে। কানের প্রথম দিনেই চোখ ধাঁধালেন আলিয়া।
গাউন নয়, আলিয়ার পরনের পোশাকটি দেখে মনে হচ্ছিল অবিকল এক ক্যানভাস। পোশাকশিল্পী যশ পটেলের নকশা করা গাউনটি টেক্কা দিতে পারে নামীদামী শিল্প প্রদর্শনীতে সাজানো কোনও বিমূর্ত ছবিকেও। করসেট স্টাইল বডিসের আদলে গাউনটি নকশা করা হয়েছে, সঙ্গে যোগ করা হয়েছে স্প্যাগেটি স্ট্র্যাপ আর সুইটহার্ট নেকলাইন। গাউনের নীচের ভাগটি ফ্লেয়ার্ড স্কার্ট সিল্যুয়েটের ধাঁচে বানানো। যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হল গাউন জুড়ে হাতে আঁকা গার্ডেন পেন্টিং, অর্থাৎ সাদা কাপড়ের উপর প্যাস্টেল সবুজ,নীল, ল্যাভেন্ডার আর হলুদ রংয়ে ছোট পাতার মোটিফ।
রূপটান নিয়ে কখনওই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করেন না আলিয়া। এ বারেও করেননি। হালকা ডিউয়ি মেকআক লুকেই নজর কেড়েছেন সবার। উঁচু করে অগোছালো খোঁপার বাঁধন বেঁধেছেন চুলে। গয়নাতেও ছিমছাম। কানে একটি বসানো হিরের দুল আর হাতে আংটি, ব্যস ওইটুকুই। আলিয়ার সাজপোশাকে ধরা দিয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়া।
এই তো সবে শুরু! ‘পিকচার তো আভি বাকি হ্যায়’। সামনে অনেকগুলি দিন বাকি। কানের লাল গালিচায় কোন অবতারে ধরা পড়বেন আলিয়া, সেই দিকেই তাকিয়ে ফ্যাশন দুনিয়া।