Dandruff Remedies

দেখতে এক হলেও সব খুশকির ধরন এক নয়! খুশকির শ্যাম্পু কেনার আগে পরখ করে নিন একটি উপাদান আছে কি না

কারও কারও ক্ষেত্রে গাঢ় জামা পরলে জামার উপরে সাদা চকের গুঁড়োর মতো খুশকি লক্ষ করা যায়। কারও আবার খুশকি হলেই চুলকানি বাড়ে। কারও আবার মাথার তৈলাক্ত, চিটচিটে ত্বকে খুশকি জমাট বাঁধে, বার বার ধোয়ার পরেও সেই খুশকি যায় না সহজে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৪:০৫
খুশকির শ্যাম্পুতে কোন উপাদানটি অবশ্যই থাকতে হবে?

খুশকির শ্যাম্পুতে কোন উপাদানটি অবশ্যই থাকতে হবে? ছবি: সংগৃহীত।

খুশকি নিয়ে মানুষের বিড়ম্বনার অন্ত নেই। অতিরিক্ত খুশকির সমস্যায় চুল যেমন ময়লা দেখায় তেমনই, এই সমস্যা মাঝেমাঝে এতই বেড়ে যায় যে, খুশকির সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা গাঢ় রঙের পোশাক পরতেও দ্বিধা বোধ করেন। খুশকিকে বিজ্ঞানের ভাষায় বলে 'সেবোরিক ডার্মাটাইটিস'। বিশেষজ্ঞদের মতে, মাথার ত্বক শুষ্ক হয়ে গেলে ত্বকের উপরের স্তরের চামড়া শুকিয়ে যায়। এই শুষ্ক ত্বক যখন ছোট ছোট খোসার মতো উঠে আসতে থাকে, তখন তাকে বলে খুশকি। দেখতে একই রকম লাগলেও সবার খুশকির ধরন কিন্তু এক হয় না।

Advertisement

কারও কারও ক্ষেত্রে গাঢ় জামা পরলে জামার উপরে সাদা চকের গুঁড়োর মতো খুশকি লক্ষ করা যায়। কারও খুশকি হলেই চুলকানি বাড়ে। কারও আবার মাথার তৈলাক্ত, চিটচিটে ত্বকে খুশকি জমাট বাঁধে, বার বার ধোয়ার পরেও সেই খুশকি যায় না সহজে।

অনেকের ধারণা, অপরিষ্কার থাকলেই মাথায় খুশকি হয়। বিষয়টা কিন্তু তা নয়। চিকিৎসকদের মতে, ম্যালাসেজিয়া নামক ছত্রাকের কারণেই মূলত খুশকি হয়। ইস্টের মতো দেখতে এই ছত্রাক প্রত্যেকের মাথায় থাকে কমবেশি। সেবাম (মাথার ত্বকে উৎপাদিত প্রাকৃতিক তেল) খেয়েই বেঁচে থাকে এরা। অনেকের ক্ষেত্রে ছত্রাকগুলি যে উপজাত পদার্থ তৈরি করে, তার থেকেই খুশকি তৈরি হয়।

কত ধরনের খুশকি হয়?

তেল চিটচিটে খুশকি: এই খুশকির রং সাধারণত হালকা হলদেটে হয়। তৈলাক্ত মাথার ত্বকেই দেখা যায়। সেবাম বেশি থাকলে ছত্রাকের বৃদ্ধিও ভাল হয়। চুলকানি বেশি হয়।

শুকনো খুশকি: আবহাওয়া পরিবর্তন বা কোনও বিশেষ প্রসাধনী ব্যবহারের কারণে মাথার ত্বক খুব বেশি শুকনো হয়ে গেলেও খুশকি হয়। এ ক্ষেত্রে চুলকানি তুলনামূলক ভাবে কম হয়।

আঁশের মতো খুশকি: এ ক্ষেত্রে তীব্র চুলকানি হয়। মাথার ত্বক লালচে দেখায়। মাথার ত্বকে আঁশের মতো ছোপ ছোপ খুশকি লক্ষ করা যায়। মাথার ত্বক ঠিকমতো পরিষ্কার না করলে, দূষণের কারণে, গরমে ঘাম বসে এই ধরনের খুশকির সমস্যা বেড়ে যায়।

আর পাঁচটা সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ধুলে কিন্তু খুশকির সমস্যা দূর করা সম্ভব নয়। এ ক্ষেত্রে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করা জরুরি। এ ধরনের শ্যাম্পু কেনার সময় লক্ষ করবেন, তাতে আদৌ পাইরোকটোন ওলামাইন নামক যৌগটি আছে কি না। এই উপাদান কিন্তু খুশকি তাড়াতে ভীষণ উপকারী।

Advertisement
আরও পড়ুন