Soup for Glowing Skin

কোলাজেন সাপ্লিমেন্ট নয়, একটি স্যুপ খেলেই নাকি ফিরবে হারানো জেল্লা! কী ভাবে বানাবেন?

নতুন প্রজন্মের রূপচর্চার মধ্যে স্থান পেয়েছে কোলাজেন। কেউ কফিতে মিশিয়ে খাচ্ছেন, কেউ বা চিউয়িং গাম হিসেবে চিবিয়ে নিচ্ছেন। কেউ আবার সাপ্লিমেন্ট হিসেবে শরীরে কোলাজেনের পরিমাণ বৃদ্ধি করছেন। সাপ্লিমেন্ট ছাড়াই কী ভাবে ফিরবে জেল্লা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৯:৫১
কোন স্যুপে ফিরবে হারানো জেল্লা?

কোন স্যুপে ফিরবে হারানো জেল্লা? ছবি: সংগৃহীত।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক ও চুলের স্বাস্থ্য খারাপ হতে থাকে অনেকের। শৈশব ও কৈশোরের ঔজ্জ্বল্য ধরে রাখা সব সময়ে সম্ভব হয় না। কখনও তা দূষণের কারণে, কখনও বা যাপনের জন্য, কখনও বা কাঠগড়ায় থাকে মানসিক চাপ। কিন্তু এ সবের মূলে থাকে ত্বকের প্রোটিন কোলাজেন। ত্বক ও চুলের স্বাস্থ্যরক্ষায় এর গুরুত্ব অপরিসীম। পাশাপাশি, অস্থিসন্ধির সমস্যা, হাড়ের দুর্বলতা, ত্বকের কোষের সমস্যা মেটাতেও সক্ষম কোলাজেন। কিন্তু সমস্যা হল, একটা বয়সের পর ধীরে ধীরে কমতে থাকে সেটি। উপরোক্ত কারণগুলির জন্যই কোলাজেন হ্রাস পেতে থাকে।

Advertisement

প্রোটিনের গুণেই চুলের স্বাস্থ্য বজায় থাকে। সেই প্রোটিনের অন্যতম স্তম্ভ হল কোলাজেন। বয়স, মানসিক চাপ বা পরিবেশগত কারণে শরীরে কোলাজেন কমে গেলে চুল পাতলা ও নিস্তেজ হয়ে পড়ে। তাই কোলাজেন উৎপাদন বাড়াতে পারলে প্রাণ ফিরে পায় চুল। চুলে, মাথার ত্বকে স্থিতিস্থাপকতা বাড়াতে এই প্রোটিনের প্রয়োজন পড়ে। ও দিকে কোলাজেন কমতে থাকলে মুখ বলিরেখা পড়তে থাকে। ত্বকের স্থিতিস্থাপকতা কমতে শুরু করে। শুষ্কতা, নিস্তেজ ভাব, সবই প্রকট হয়ে ওঠে ধীরে ধীরে। আর তাই নতুন প্রজন্মের রূপচর্চার মধ্যে স্থান পেয়েছে কোলাজেন। কেউ কফিতে মিশিয়ে খাচ্ছেন, কেউ বা চিউয়িং গাম হিসেবে চিবিয়ে নিচ্ছেন। কেউ আবার সাপ্লিমেন্ট আকারে শরীরে কোলাজেনের পরিমাণ বৃদ্ধি করছেন।

এত কিছু না করেও কোলাজেন বৃদ্ধি সম্ভব, এমনটাই মত দীপিকা পাড়ুকোনের এক সময়ের পুষ্টিবিদ শ্বেতা শাহের। শ্বেতা বলেন, ‘‘কোলাজেন সাপ্লিমেন্ট নয়, বাড়িতে গাজর আর কুমড়ো দিয়ে তৈরি স্যুপ বানিয়ে খেলেও শরীরে কোলাজেন, অ্যান্টি-অক্সিড্যান্ট, বিটা ক্যারোটিনের ভরপুর যোগান পাওয়া যায়। এই স্যুপ আট থেকে দশ সপ্তাহ ডায়েটে রাখলে ত্বকের হারানো জেল্লা ফিরে আসবে, কোলাজেনের সাপ্লিমেন্ট ছাড়াই। তবে এই পরিবর্তন রাতারাতি চোখে পড়বে না। ধৈর্য ধরলেই পাবেন সুফল।’’

কী ভাবে বানাবেন?

কুকারে সামান্য তেল দিয়ে তাতে রসুনকুচি, টম্যাটোকুচি পেঁয়াজকুচি, কুমড়োর টুকরো, গাজরের টুকরো, নুন, গোলমরিচের গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভাল করে সেদ্ধ করে নিন। এ বার প্রেশারে সেদ্ধ করা মিশ্রণটি মিক্সিতে বেটে নিন। কড়াইতে মিশ্রণটি ঢেলে পরিমাণ মতো জল বা দুধ দিয়ে স্যুপটি ফুটিয়ে নিন। শেষে আরও খানিকটা গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতাকুচি ছড়িয়ে দিলেই তৈরি।

Advertisement
আরও পড়ুন