Ranojoy Bishnu and Shyamoupti Mudly Wedding Fashion

গাত্রহরিদ্রায় বর-কনের সাজমিলন্তি, রণজয়-শ্যামৌপ্তি তাঁদের প্রাক্‌বিবাহ সাজে ছক ভাঙলেন নানা ভাবে

রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলির গায়েহলুদের ছবি ছড়িয়ে পড়ল শনিবাসরীয় দুপুরে। হবু কনের সঙ্গে সাজমিলন্তিতে হবু বর। কেমন সেজেছেন যুগলে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭
রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলির গায়েহলুদের সাজ।

রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলির গায়েহলুদের সাজ। ছবি: ইনস্টাগ্রাম।

একে প্রেম দিবস, তায় ‘ফাল্গুনস্য প্রথম দিবস’, বসন্তবাতাসের ফুরফুরে মেজাজ। এমনই এক দিনে নতুন অধ্যায়ের সূচনালগ্ন যাপন করলেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। যুগলের গায়েহলুদের ছবি ছড়িয়ে পড়ল শনিবাসরীয় দুপুরে। এমন সূচনালগ্ন কেবল উপচার, হাসি-আড্ডা, খানাপিনায় সম্পূর্ণ হতে পারে নাকি! বিয়ের সকালের এই অনুষ্ঠান এখন সাজ-দুনিয়ার খাতায় গুরুত্বপূর্ণ নাম লিখিয়ে ফেলেছে। ফলে কেবল হলুদ পোশাক, ফুল, গালে-নাকে হলুদ দিয়েই সাজ পাততাড়ি গোটায় না। প্রয়োজন, বিশেষ ভাবনাচিন্তার। আর সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রণজয়-শ্যামৌপ্তি।

Advertisement
রণজয়-শ্যামৌপ্তি।

রণজয়-শ্যামৌপ্তি। ছবি: ইনস্টাগ্রাম

এখন গায়েহলুদে শুধু হলুদ বা লাল-সাদা শাড়ি বা নকশা করা ব্লাউজ়ই নয়, গয়না থেকে শুরু করে সাজ, সবেতেই এসেছে নতুনত্ব। তার উপর ফুলের সাজ বেশ কয়েক বছর ধরে গাত্রহরিদ্রা অনুষ্ঠানের ফ্যাশনে ‘ইন’। কিন্তু ফুলের সাজের ধার ধারেননি কনে। সাবেক সুতির শাড়িও বাদ রেখেছেন এ দিন। হলুদ রঙের হ্যান্ডলুম টিস্যু সিল্ক শাড়িতে সেজেছিলেন শ্যামৌপ্তি। হলুদ ব্লাউজ়ে আয়নার কারুকাজ করা। গয়নার ক্ষেত্রে ফুলের সাজের নাটকীয়তা চাননি নায়িকা। বরং হালকা সোনার গয়নাই তাঁর পছন্দ।

কনের সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে রণজয়ের পাঞ্জাবিটি। পোশাকশিল্পী অনুশ্রী মলহোত্রের ডিজ়াইন করা পাঞ্জাবিতে আয়নার কারুকাজ করা রয়েছে। হবু কনের সঙ্গে সাজমিলন্তিতে হবু বর। রণজয় সাধারণত লম্বা, ঢিলেঢালা পাজামা, প্যান্ট পরায় স্বাচ্ছন্দ্য। তাই গায়েহলুদেও পাঞ্জাবির সঙ্গে সাদা মস্ত পাজামা পরেছেন বর। পাঞ্জাবির সঙ্গে একটি হলুদ ওড়নার যুগলবন্দি রণজয়ের সাজে এনেছে ফিউশনের ছোঁয়া। পায়ে রয়েছে সাম্প্রতিক সাজের অন্যতম অভিজ্ঞান সাদা স্নিকার্স।

হবু বর-কনের সাজ।

হবু বর-কনের সাজ। ছবি: ইনস্টাগ্রাম

তবে সাবেক সাজ সম্পূর্ণ বাদ দিতে চাননি রণজয়। তাই সাদা গেঞ্জি পরেই গায়েহলুদে বসেছিলেন বর। কিন্তু বন্ধুবান্ধব তাঁদের নিজস্ব প্রথা সম্পূর্ণ করেছেন বরের গেঞ্জি ছিঁড়ে। ফলে তার পরই কেতাদুরস্ত সাজ সেজে ফেলেন রণজয়।

গাত্রহরিদ্রার অনুষ্ঠান থেকে ফুল বাদ পড়লে চলে নাকি? পরনে না থাকলেও আবেশ-আয়োজনে যথেষ্ট ফুল সাজানো হয়েছিল। ফলে সব মিলিয়ে সাবেক এবং সাম্প্রতিকের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে রণজয়-শ্যামৌপ্তির গায়েহলুদের অনুষ্ঠান।

Advertisement
আরও পড়ুন